বাংলাদেশ

‘শিক্ষার্থীদের জন্য আসছে বিদ্যুৎচালিত বাস’

বাংলা টিভি ডেস্ক: সরকার জ্বালানির ওপর চাপ কমাতে বিদ্যুৎচালিত বাস চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শিক্ষার্থীদের পরিবহনের জন্য এই ইলেকট্রিক বাস সার্ভিস চালু করা হবে।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে এখনো কিছুটা উদ্বেগ রয়েছে এবং যেকোনো সময় পরিস্থিতির অবনতি হতে পারে। তবে দেশে পর্যাপ্ত জ্বালানি তেল মজুত আছে বলেও তিনি আশ্বস্ত করেন।

এর আগে ২৭ এপ্রিল এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবহনের জন্য ব্যবহৃত ইলেকট্রিক বাস আমদানিতে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, ভ্যাট, সম্পূরক শুল্ক, আগাম কর এবং অগ্রিম আয়করসহ সব ধরনের শুল্ক-কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়—যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান সরাসরি বা কোনো সংস্থার মাধ্যমে এসব বাস আমদানি করলে একই সুবিধা পাবে। তবে বাসগুলো হলুদ রঙের হতে হবে এবং তাতে ‘স্কুল’, ‘কলেজ’ বা ‘স্টুডেন্ট বাস’ শব্দগুলো স্পষ্টভাবে লেখা থাকতে হবে।

এছাড়া শুল্ক-কর ছাড়াই বাস আমদানির জন্য কোনো প্রতিষ্ঠান এনবিআরে আবেদন করলে ১০ কার্যদিবসের মধ্যেই তা নিষ্পত্তি করা হবে বলেও জানানো হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button