মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সবশেষ তথ্য দিলেন তার স্ত্রী

বাংলা টিভি ডেস্ক: ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন প্রবীণ রাজনীতিবিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার শারীরিক অবস্থার উন্নতির কথা জানিয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।
তিনি জানান, এখন অনেকটাই ভালো আছেন মির্জা আব্বাস এবং পুরোপুরি সুস্থ হয়ে শিগগিরই দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। তার সুস্থতার জন্য দেশবাসী ও নেতাকর্মীদের ভালোবাসা ও দোয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি সবার কাছে দোয়া কামনা করেন।
জানা গেছে, সিঙ্গাপুরে মাথায় সফল অস্ত্রোপচারের পর বর্তমানে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এখন তিনি শঙ্কামুক্ত এবং ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছেন। তবে পুরোপুরি সুস্থ হতে আরও প্রায় দুই মাস সময় লাগতে পারে।
পরিবার সূত্রে জানা যায়, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে তিনি নিজেই একটি ভিডিও বার্তার মাধ্যমে সবার সামনে আসবেন এবং দোয়া চাইবেন। প্রয়োজনীয় চিকিৎসা ও থেরাপি শেষে খুব দ্রুতই তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।



