সাত বীরশ্রেষ্ঠের ভাস্কর্যের গলায় প্রশাসনের মেলার স্টলের দড়ি, শুকানো হচ্ছে লুঙ্গিও

বাংলা টিভি ডেস্ক: টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে মহান মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠর ভাস্কর্যকে ঘিরে অবমাননার অভিযোগ উঠেছে, যা এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। সম্প্রতি সেখানে আয়োজিত বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) মেলার স্টল নির্মাণকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
জানা যায়, ক্ষুদ্র উদ্যোক্তাদের অংশগ্রহণে আয়োজিত এই মেলার জন্য পুরো উদ্যানজুড়ে বিভিন্ন স্টল তৈরি করা হয়। এমনকি বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যের সামনেও স্টল নির্মাণ করা হয়। গত ২৪ এপ্রিল মেলার উদ্বোধন করেন সুলতান সালাউদ্দিন টুকু।
মেলার শেষ দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় স্টলগুলোর দড়ি ভাস্কর্যের গলায় বেঁধে রাখা হয়েছে এবং সেই দড়িতে বিভিন্ন কাপড় ঝুলানো রয়েছে। ছবিটি প্রকাশ্যে আসার পরপরই বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়।
অনেকে এটিকে শুধু অব্যবস্থাপনা নয়, বরং দেশের ইতিহাস ও বীরত্বের প্রতি চরম অসম্মান হিসেবে দেখছেন। স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বিসিকের টাঙ্গাইল কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, কে বা কারা এমন কাজ করেছে তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই দড়িগুলো খুলে ফেলা হয়েছে।



