হিন্দু ছেলের বাড়িতে মুসলিম মেয়ের স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন!

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ডেমাজানি হিন্দুপাড়ায় এক নারীর স্বামী স্বীকৃতির দাবিকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দীর্ঘদিনের সম্পর্ক ও বিচ্ছেদের পর আবারও আলোচনায় এসেছে জয়ন্ত কুমার সাহা ও রিমা সুলতানা (রিমা রাণী সাহা)-এর নাম।
জানা যায়, ২০২০ সালে এক অনুষ্ঠানে পরিচয়ের পর তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পরে রিমা সুলতানা আদালতের মাধ্যমে এফিডেভিট করে নিজের নাম পরিবর্তন করে রিমা রাণী সাহা হন এবং পরবর্তীতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে কিছু সময় পর দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ায় তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে এবং কাবিননামা বাবদ নির্ধারিত অর্থ পরিশোধের মাধ্যমে সম্পর্কের সমাপ্তি ঘটে।
এরপর দীর্ঘ সময় আলাদা থাকার পর তাদের সম্পর্ক নিয়ে আবারও গুঞ্জন ছড়ায়। সম্প্রতি রিমা সুলতানা ওরফে রিমা রাণী সাহা স্বামীর বাড়িতে গিয়ে নিজেকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে অনশন করেন। তাঁর অভিযোগ, তাকে জোর করে ধর্মান্তরিত করে বিয়ে দেওয়া হয়েছিল।
অন্যদিকে জয়ন্ত কুমার সাহা এসব অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের জানান, তিনি এবং তাঁর পরিবারকে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের চেষ্টা করা হচ্ছে। তাঁর পরিবারের পক্ষ থেকেও একই অভিযোগ করা হয়েছে।
রিমা সুলতানার পরিবার আবার ভিন্ন বক্তব্য দিয়েছে, তারা বিষয়টিকে পারিবারিক ও সামাজিক জটিলতা হিসেবে উল্লেখ করছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে বিষয়টি আইনগতভাবে কোথাও অভিযোগ আকারে গিয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।



