
বাংলা টিভি ডেস্ক: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ক্লাস চলাকালীন সিলিং ফ্যান ভেঙে পড়ে দুই শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার (৫ মে) বেলা ১১টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্রে জানা যায়, নিয়মিত ক্লাস চলার সময় হঠাৎ করে দ্বিতীয় শ্রেণির কক্ষের সিলিং ফ্যানটি নিচে পড়ে যায়। এতে ওই শ্রেণির দুই শিক্ষার্থী আহত হয়। আহতরা হলো সামি (৭) ও নাফিজা নূর (৮)।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামাল উদ্দিন জানান, বিকট শব্দ শুনে শিক্ষকরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখেন ফ্যান ভেঙে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছে। পরে তাদের উদ্ধার করে দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং অভিভাবকদের জানানো হয়।
আহত শিক্ষার্থী নাফিজা নূরের মা ও বিদ্যালয়ের আরেক সহকারী শিক্ষক নাজমা আক্তার বলেন, তিনি অন্য একটি শ্রেণিতে পাঠদান করছিলেন। খবর পেয়ে এসে দেখেন তার মেয়েসহ আরেক শিক্ষার্থী আহত হয়েছে। পরে দুজনকেই হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, দুই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজনকে চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে এবং অপরজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



