গোনাহ থেকে বাঁচতেই দ্বিতীয় বিয়ে: রফিকুল ইসলাম মাদানী

বাংলা টিভি ডেস্ক: নিজের দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন মারকাযু শাহাবুদ্দিন আল ইসলামি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ও ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী। বুধবার (৬ মে) সকালে তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
স্ট্যাটাসে তিনি জানান, আল্লাহর ভয় এবং গোনাহ থেকে দূরে থাকার উদ্দেশ্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষায়, সমাজে অনেকেই বিবাহিত হয়েও গোপনে হারামে জড়িয়ে পড়েন, কিন্তু তিনি সে পথে না গিয়ে শরিয়তসম্মত হালাল পথ বেছে নিতে চেয়েছেন।
দ্বিতীয় বিয়ের কারণে প্রথম স্ত্রীর মানসিক কষ্টের বিষয়টিও তিনি স্বীকার করেছেন। তিনি বলেন, এই সিদ্ধান্তে তার প্রথম স্ত্রীর কষ্ট হচ্ছে—এটা ভেবে তিনি নিজেও ব্যথিত। দীর্ঘ সময় ধরে তিনি বিষয়টি তাকে বোঝানোর চেষ্টা করেছেন এবং আল্লাহর কাছে দোয়া করেছেন যেন পরিস্থিতি সহজ হয়। তিনি আরও উল্লেখ করেন, তাদের আড়াই বছরের দাম্পত্য জীবনে তেমন কোনো সমস্যা ছিল না, তবে এখন তারা একটি কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন।
ইসলামি শরিয়তে একাধিক বিয়ের ক্ষেত্রে ন্যায়বিচার বা সমতা বজায় রাখাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে তুলে ধরে তিনি আল্লাহর কাছে সাহায্য কামনা করেন, যাতে তিনি কারও অধিকার নষ্ট না করেন।
পোস্টের শেষাংশে তিনি তার দুই পরিবারের জন্য দোয়া চেয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, আল্লাহ যেন সবাইকে ধৈর্য ধারণ করার তাওফিক দেন এবং বিষয়টি সহজভাবে মেনে নেওয়ার শক্তি দান করেন।



