
বাংলা টিভি ডেস্ক: নড়াইল সদর উপজেলায় এক মর্মান্তিক ঘটনায় ঘুমন্ত অবস্থায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ মে) রাতে নড়াইল সদর উপজেলা-এর কলোড়া ইউনিয়নের বাহিরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চাঁদনী আক্তার খাদিজা (২৪) ফুলতলা উপজেলা-র আলকা গ্রামের বাসিন্দা কালাম শেখের মেয়ে। অভিযুক্ত সাকিব শেখ একই উপজেলার দামোদার গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের বরাতে জানা যায়, কয়েকদিন আগে দম্পতি বেড়াতে বাহিরগ্রামে খালা শাশুড়ির বাড়িতে আসেন। পারিবারিক কলহ ও স্বামীর মাদকাসক্তিকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রায়ই বিরোধ লেগে থাকত বলে অভিযোগ রয়েছে।
ঘটনার রাতে ঘুমন্ত অবস্থায় চাঁদনীকে ধারালো বটি দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানা-র পরিদর্শক অজয় কুমার কুন্ডু জানান, প্রথমে নিহতের পরিবার এটি দুর্ঘটনা বলে দাবি করলেও ঘটনাস্থলের আলামত ও অভিযুক্তের কথাবার্তায় অসঙ্গতি পাওয়ায় তাকে হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেন।
তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



