
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় একটি টেলিভিশন কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। বুধবার সকালে অফিস খুলতে গিয়ে বিষয়টি প্রথম নজরে আসে।
ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া পৌরসভা এলাকার সামনে অবস্থিত একটি টেলিভিশন অফিসে। অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় ভবনের পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা।
চোরেরা অফিস থেকে তিনটি ল্যাপটপ, একটি ব্যাগ এবং একটি মেমোরি কার্ড নিয়ে যায়। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র এলোমেলো করে ফেলে রাখা হয় এবং একাধিক কক্ষ তছনছ অবস্থায় পাওয়া যায়।
ঘটনার পর সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে কুষ্টিয়া মডেল থানা।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং চুরির রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।
এ ঘটনায় অফিস কর্তৃপক্ষ ও স্থানীয়রা বিস্ময় প্রকাশ করেছেন।



