বাংলাদেশ

প্রতিবেশীর ছাগল জবাই করে ফ্রিজে মাংস রাখলো মাদ্রাসার শিক্ষক

বাংলা টিভি ডেস্ক: গাজীপুরে কোরবানির জন্য লালন-পালন করা প্রতিবেশীর একটি ছাগল জবাই করে মাংস ফ্রিজে রাখার অভিযোগ উঠেছে একটি মাদ্রাসার শিক্ষকদের বিরুদ্ধে। বুধবার মহানগরের ২৩ নম্বর ওয়ার্ডের উত্তর সালনা এলাকার জামিয়া মাদিনাতুল কুরআন মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, পাশের বাড়ির এক নারীর ছাগলটি প্রায়ই মাদ্রাসার ভেতরে ঢুকে পড়ত। এ নিয়ে ক্ষোভের জেরে মাদ্রাসার কয়েকজন শিক্ষক ছাগলটি ধরে জবাই করেন এবং বিষয়টি গোপন রাখতে মাংস ফ্রিজে সংরক্ষণ করেন।

ভুক্তভোগী নারী জানান, ছাগলটি তার খুবই আদরের ছিল। পরে এলাকাবাসী বিষয়টি জানার পর মীমাংসার উদ্যোগ নেয়।

তবে মাদ্রাসা কর্তৃপক্ষের ভাষ্য ভিন্ন। তাদের দাবি, ছাগলটি দীর্ঘদিন ধরে মাদ্রাসার লাগানো গাছপালা নষ্ট করছিল। মালিককে একাধিকবার সতর্ক করা হলেও ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনার দিন ছাত্ররা ছাগলটি আটক করার পর সেটি অসুস্থ হয়ে পড়লে জবাই করা হয়।

মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, পরে স্থানীয় সালিশের মাধ্যমে বিষয়টির সমাধান করা হয়েছে এবং ছাগলের নির্ধারিত মূল্য মালিককে পরিশোধ করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button