ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে গিয়ে অবরুদ্ধ মুফতি আমির হামজা

বাংলা টিভি ডেস্ক: কুষ্টিয়া সরকারি কলেজ–এ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। বৃহস্পতিবার সকালে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
কলেজ ও পুলিশ সূত্রে জানা যায়, আন্তঃবিভাগ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এ সময় “সাধারণ শিক্ষার্থী” ব্যানারে একদল শিক্ষার্থী মঞ্চের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
পরে মাঠে টুর্নামেন্ট উদ্বোধন করতে গেলে বিক্ষোভকারী শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরে স্লোগান দেন এবং মাঠে অবস্থান নেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কলেজের অধ্যক্ষ মুফতি আমির হামজাকে নিজের কার্যালয়ে নিয়ে যান। এরপর শিক্ষার্থীরা অধ্যক্ষের কক্ষের সামনেও বিক্ষোভ চালান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মুফতি আমির হামজা পুলিশ সদস্যদের সঙ্গে কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন।
এদিকে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দাবি করা হয়, ছাত্রদলের নেতাকর্মীরা তাকে অবরুদ্ধ করে রেখেছিল। তবে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর এ অভিযোগ অস্বীকার করেছেন। তার ভাষ্য, ঘটনাস্থলে গিয়ে তিনি এমপিকে অধ্যক্ষের সঙ্গে আলাপরত অবস্থায় দেখেছেন এবং পরে পুলিশের সঙ্গেই তিনি নিরাপদে ক্যাম্পাস ত্যাগ করেন।



