
বাংলা টিভি ডেস্ক: ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধভাবে ১ কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক মন্ত্রী ও প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) ঢাকা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক বেগম শামীমা আফরোজ আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। পাশাপাশি আগামী ২২ জুন সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তোফায়েল আহমেদের আইনজীবী মো. খায়ের উদ্দিন শিকদার।
মামলায় অন্য দুই আসামি হলেন— ম্যাডোনা অ্যাডভারটাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং ভোলার মোশারফ হোসেন। এর মধ্যে মোশারফ হোসেন আদালতে উপস্থিত থাকলেও বাকি দুইজন পলাতক রয়েছেন। অভিযোগ গঠনের সময় তাদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
মামলার নথি অনুযায়ী, ২০০২ সালে দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক কাজী শামসুল ইসলাম মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, তোফায়েল আহমেদ ক্ষমতার অপব্যবহার করে ১ কোটি ২৫ লাখ টাকা অবৈধভাবে অর্জন করেন এবং তা গোপন করতে সহযোগীদের মাধ্যমে অর্থ স্থানান্তর ও উত্তোলন করেন।
এজাহারে আরও বলা হয়, সোনালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখা থেকে বিভিন্ন সময়ে ওই অর্থ স্থানান্তর ও উত্তোলনের ঘটনায় অন্য দুই আসামিও জড়িত ছিলেন। তদন্ত শেষে তিনজনকেই অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়।
পরবর্তীতে রাজনৈতিক পরিবর্তনের পর মামলাটি উচ্চ আদালতের নির্দেশে দীর্ঘদিন স্থগিত ছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর আদালত স্বপ্রণোদিত হয়ে মামলাটি পুনরায় সচল করে নিম্ন আদালতে পাঠায়, যার ভিত্তিতে এখন বিচার কার্যক্রম শুরু হলো।



