
বাংলা টিভি ডেস্ক: জাতীয় গোপনীয় ডাটাবেজ থেকে নাগরিকদের সংবেদনশীল তথ্য অবৈধভাবে সংগ্রহ করে অনলাইনে বিক্রির অভিযোগে একটি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজন অ্যাপ ও ওয়েব ডেভেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. আরমান হোসেন। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। গত ৫ মে রাজধানীর মানিকদি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে মোবাইল ফোন, সিমকার্ড, ল্যাপটপ ও অন্যান্য ডিভাইস জব্দ করা হয়।
সিআইডির তথ্য অনুযায়ী, একটি সংঘবদ্ধ চক্র “সব এখানে” নামের অ্যাপ এবং একাধিক ওয়েবসাইটের মাধ্যমে এনআইডি ডেটা, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (বিকাশ/রকেট/নগদ) তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের তথ্যসহ বিভিন্ন গোপনীয় তথ্য অর্থের বিনিময়ে বিক্রি করছিল।
তদন্তে জানা যায়, প্রথমে “সিয়াম হাওলাদার” নামের একটি ফেসবুক আইডির মাধ্যমে এসব তথ্য বিক্রির বিজ্ঞাপন শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হলে পুরো চক্রের তথ্য সামনে আসে।
পরবর্তীতে আরেক সদস্য আল আমিনকে গ্রেপ্তার করা হয়, যিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান যে একজন দক্ষ প্রোগ্রামার অ্যাপ ও ওয়েবসাইট তৈরি করে দেন, আর তারা তা ব্যবহার করে তথ্য বিক্রি করতেন।
সিআইডি বলছে, প্রাথমিক তদন্তে প্রমাণ মিলেছে যে আরমান হোসেন প্রযুক্তিগত দক্ষতা ব্যবহার করে এই অবৈধ প্ল্যাটফর্মগুলো তৈরি করেন এবং সংঘবদ্ধ চক্রের সঙ্গে যুক্ত থেকে নাগরিকদের সংবেদনশীল তথ্য বিক্রিতে সহায়তা করেন।
এ ঘটনায় সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে এবং পুরো চক্রের অন্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে।



