‘বিএনপির অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন’

বাংলা টিভি ডেস্ক: বিএনপি আওয়ামী লীগ দ্বারা “হাইজ্যাক” হয়ে গেছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তার দাবি, বিএনপির অনেক নেতাকর্মী বর্তমানে তাদের সঙ্গে যোগাযোগ করে দুঃখ প্রকাশ করছেন এবং দলীয় অবস্থান নিয়ে হতাশা প্রকাশ করছেন।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব–এর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি হলে এনসিপিতে নতুন সদস্য যোগদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।
হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপির অনেক নেতাকর্মী দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন, জেল-জুলুম সহ্য করেছেন। কিন্তু এখন দলটি তার মূল লক্ষ্য থেকে সরে গেছে বলে তাদের অনেকে মনে করছেন।
তিনি আরও অভিযোগ করেন, বিএনপি বর্তমানে সংস্কারবিরোধী অবস্থান নিয়েছে এবং আন্দোলনের শহীদদের আকাঙ্ক্ষা থেকে দূরে সরে গেছে। তার ভাষায়, “নীরবে একটি পরিবর্তন ঘটছে”—অনেক নেতাকর্মী এনসিপিতে যোগ দিতে আগ্রহী হলেও সামাজিক কারণে প্রকাশ করতে পারছেন না।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ছাত্রদল ও যুবদলের সাবেক নেতা এবং এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকার। তিনি বিএনপির নেতৃত্বকে জুলাই আন্দোলনের সঙ্গে “বিশ্বাসঘাতকতার” অভিযোগে সমালোচনা করেন এবং রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সতর্ক থাকার আহ্বান জানান।



