মবের শিকার হয়ে স্কুল ছাড়তে হয় হুমায়ূনপুত্র নিনিতকে, অভিযোগ শাওনের

বাংলা টিভি ডেস্ক: মেহের আফরোজ শাওন জানিয়েছেন, নিজের ছেলে নিনিত হুমায়ূন-এর নিরাপত্তা নিশ্চিত করতে না পেরে তাকে স্কুলে যাওয়া বন্ধ করে দিতে হয়েছিল। বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
শাওন বলেন, তার কনিষ্ঠ ছেলে নিনিতের বয়স এখন ১৫ বছর এবং শুক্রবার থেকে তার ও-লেভেল পরীক্ষা শুরু হচ্ছে। তিনি আগে CGSD স্কুলে পড়াশোনা করতেন।
ফেসবুক পোস্টে শাওন দাবি করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত প্রকাশের জেরে একাধিকবার হামলার শিকার হন তিনি। তার ভাষ্য অনুযায়ী, স্কুল থেকে ফেরার পথে তিনবার তাদের গাড়িতে হামলা চালানো হয় এবং প্রতিবারই গাড়িতে নিনিত উপস্থিত ছিল। এক পর্যায়ে তার ড্রাইভারকেও মারধর করা হয় এবং গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, থানায় অভিযোগ জানাতে গেলে প্রকৃত ঘটনা উল্লেখ না করে সাধারণ ডায়েরিতে কাগজপত্র হারানোর কথা লেখা হয়। পরে সন্তানের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি নিনিতের স্কুলে যাওয়া বন্ধ করে দেন। এরপর গত এক বছর ধরে কোচিংয়ের মাধ্যমে পড়াশোনা চালিয়ে যাচ্ছে তার ছেলে।
পোস্টের শেষদিকে ছেলের জন্য সবার কাছে দোয়া চান শাওন। তিনি বলেন, নিনিত যেন একজন ভালো মানুষ হিসেবে বেড়ে উঠতে পারে, সেটিই তার সবচেয়ে বড় প্রত্যাশা।



