ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

বাংলা টিভি ডেস্ক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে শুক্রবার সকাল থেকে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, বিভিন্ন পরিবহন কোম্পানি অনলাইন ও কাউন্টার—দুই মাধ্যমেই টিকিট বিক্রি করছে।
জানা গেছে, ২১ মে থেকে ঈদের আগ পর্যন্ত যাত্রার জন্য এসব অগ্রিম টিকিট ছাড়া হচ্ছে। ফলে যাত্রীরা এখন থেকেই বিভিন্ন রুটের বাসের টিকিট সংগ্রহ করতে পারছেন।
শ্যামলী এন আর ট্রাভেলস-এর জেনারেল ম্যানেজার জীবন চক্রবর্তী জানান, সকাল থেকেই তাদের সব রুটের টিকিট বিক্রি শুরু হয়েছে। অনলাইনের পাশাপাশি কাউন্টার থেকেও টিকিট দেওয়া হচ্ছে।
তিনি বলেন, সবচেয়ে বেশি চাপ রয়েছে ২৪ মে রাত, ২৫ মে পুরো দিন এবং ২৬ মে সকালের যাত্রার টিকিটে। ২৫ মে থেকে সরকারি ছুটি শুরু হওয়ায় ওই সময়ের টিকিটের চাহিদা অনেক বেশি। সকাল থেকেই জনপ্রিয় রুটগুলোর বেশিরভাগ অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে বলেও জানান তিনি।
এদিকে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না। অনলাইন ও কাউন্টার—উভয় ক্ষেত্রেই একই ভাড়া কার্যকর থাকবে। পাশাপাশি প্রতিটি কাউন্টারে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শনের নির্দেশনাও দেওয়া হয়েছে।



