মা-বাবাকে নিয়ে ঘুরলেই মিলবে ৩ দিনের ছুটি, সঙ্গে পাবেন টাকাও

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক মা দিবসকে সামনে রেখে ভারতের দিল্লির এক তরুণ উদ্যোক্তা ও সিইও রজত গ্রোভার সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন তার মানবিক এক উদ্যোগের কারণে।
তিনি তার প্রতিষ্ঠানের কর্মীদের জন্য ঘোষণা দিয়েছেন—মা-বাবার সঙ্গে সময় কাটানোর উদ্দেশ্যে তিন দিনের পূর্ণ বেতনসহ ছুটি এবং ১০ হাজার রুপি ভ্রমণভাতা দেওয়া হবে। এই ঘোষণার ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশের পর দ্রুতই তা ভাইরাল হয়ে যায়।
রজত গ্রোভার তার বক্তব্যে বলেন, আধুনিক ব্যস্ত জীবনে অনেকেই মা-বাবার সঙ্গে সময় কাটাতে ভুলে যান। দিনের পর দিন কাজের চাপে তারা সন্তানদের কাছ থেকে দূরে থেকে যান, অথচ তাদের অনেক স্বপ্ন ও ইচ্ছা অপূর্ণই থেকে যায়। তাই কর্মীদের তিনি উৎসাহিত করেছেন যেন তারা তাদের মা-বাবার পছন্দ, স্বপ্ন এবং ভ্রমণের ইচ্ছা সম্পর্কে জেনে তা পূরণ করার চেষ্টা করেন।
তিনি বলেন, “শুধু কাজ নয়, সম্পর্কও জীবনের গুরুত্বপূর্ণ অংশ। মা-বাবা আমাদের জন্য জীবনের অনেক ত্যাগ করেছেন, এখন আমাদের দায়িত্ব তাদের কিছুটা আনন্দ ফিরিয়ে দেওয়া।”
এই উদ্যোগ সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই এটিকে করপোরেট দুনিয়ার মধ্যে একটি মানবিক ও ইতিবাচক উদাহরণ হিসেবে দেখছেন। নেটিজেনদের মতে, এমন উদ্যোগ কর্মক্ষেত্রে সম্পর্ক, মানসিক স্বস্তি এবং উৎপাদনশীলতা—সবকিছুর ওপরই ভালো প্রভাব ফেলতে পারে।



