জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে সেটা বঙ্গবন্ধুর পক্ষে: বঙ্গবীর কাদের সিদ্দিকী

বাংলা টিভি ডেস্ক: কাদের সিদ্দিকী বলেছেন, মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষক ছিলেন জিয়াউর রহমান, তবে সেই ঘোষণা ছিল শেখ মুজিবুর রহমান-এর পক্ষে।
সম্প্রতি একটি টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে জিয়াউর রহমানকে যেমন মুছে ফেলা যাবে না, তেমনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও কোনোদিন ইতিহাস থেকে মুছে দেওয়া সম্ভব নয়।
কাদের সিদ্দিকী বলেন, “মুক্তিযুদ্ধ না থাকলে বিএনপি থাকত না, আর মুক্তিযুদ্ধ তৈরি করেছে আওয়ামী লীগ।” তার ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগ ও বিএনপি—উভয় দলেরই মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার রাজনৈতিক ও ঐতিহাসিক ভিত্তি রয়েছে।
তিনি আরও বলেন, “জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের প্রবাদপুরুষ। মুক্তিযুদ্ধে একমাত্র স্বাধীনতার ঘোষকও তিনি, তবে সেটা বঙ্গবন্ধুর পক্ষে।”
বিএনপির কিছু নেতার সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেন, অনেকেই “On behalf of our national leader Bangabandhu Sheikh Mujibur Rahman” কথাটির অর্থ বুঝতে চান না।
আলোচনায় তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের ইতিহাসে মওলানা আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এ কে ফজলুল হক এবং শামসুল হক-এর মতো নেতাদের অবদানও ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না।



