দেশবাংলা

নারায়ণগঞ্জের ‘ডোনাল্ড ট্রাম্প’ যাবে ঢাকায়

বাংলা টিভি ডেস্ক: আসন্ন ঈদুল আজহাকে ঘিরে কোরবানির পশুর বাজারে নানা ব্যতিক্রমী আয়োজনের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে নারায়ণগঞ্জের এক গোলাপি মহিষ। প্রায় ৭০০ কেজি ওজনের এলবিনো জাতের এই মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’, আর সেই নাম ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার রাবেয়া অ্যাগ্রো ফার্মে থাকা মহিষটির লালচে-সোনালি লম্বা চুল অনেকের কাছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুলের স্টাইলের কথা মনে করিয়ে দেয়। সেই মিল থেকেই খামার কর্তৃপক্ষ মজা করে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’। পরে নামটি দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

খামারে গিয়ে দেখা যায়, দর্শনার্থীদের বড় একটি অংশ শুধু এই মহিষটিকেই দেখতে ভিড় করছেন। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ লাইভে এসে পরিচয় করিয়ে দিচ্ছেন ‘নারায়ণগঞ্জের ট্রাম্প’-এর সঙ্গে। সাধারণ কালো মহিষের তুলনায় গোলাপি আভাযুক্ত শরীর ও রাজকীয় চেহারার কারণে এটি সহজেই সবার নজর কাড়ছে।

খামার মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, গত বছরের কোরবানির ঈদের পর রাজশাহী থেকে মহিষটি আনা হয়। প্রায় ১০ মাস বিশেষ যত্নে লালন-পালন করা হয়েছে তাকে। শুরুতে কোনো নাম না থাকলেও পরে চুলের মিল দেখে পরিবারের এক সদস্য ‘ডোনাল্ড ট্রাম্প’ নামটি প্রস্তাব করেন।

খামারের পরিচর্যাকারীরা জানান, মহিষটির জন্য রয়েছে বিশেষ খাদ্যতালিকা ও নিয়মিত পরিচর্যার ব্যবস্থা। ভুট্টা, সয়াবিন, খৈল, ভুসি, খড় ও তাজা ঘাসসহ পুষ্টিকর খাবার দেওয়া হয় প্রতিদিন। শান্ত স্বভাবের কারণে দর্শনার্থীদের ভিড়েও এটি অস্থির হয়ে পড়ে না।

দর্শনার্থীদের অনেকেই জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও দেখেই তারা মহিষটি দেখতে এসেছেন। কেউ কেউ বলছেন, বাস্তবে দেখে নামটির সঙ্গে মহিষটির মিল আরও বেশি মনে হয়েছে।

খামার কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এবারের ঈদ উপলক্ষে তাদের খামারে প্রায় ২০০টি পশু প্রস্তুত করা হয়েছিল। তবে সব পশুর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। ইতোমধ্যে ঢাকার এক ক্রেতার কাছে প্রায় ৩ লাখ ৮৫ হাজার টাকায় মহিষটি বিক্রিও হয়েছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা জানিয়েছেন, এটি কোনো বিদেশি জাত নয়; বরং এলবিনো বৈশিষ্ট্যের দেশি মহিষ। শরীরে রঞ্জক পদার্থের স্বল্পতার কারণেই এমন ব্যতিক্রমী রং দেখা যায়, যা একে অন্যসব পশু থেকে আলাদা করেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button