রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং

বাংলা টিভি ডেস্ক: যুক্তরাজ্যে স্বাস্থ্য পরীক্ষার সময় রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক ধরা পড়ার পর জরুরিভিত্তিতে তার এনজিওপ্লাস্টি ও স্টেন্ট স্থাপন করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে বঙ্গভবনের প্রেস উইং।
প্রেস উইং জানায়, মঙ্গলবার যুক্তরাজ্যের ক্যামব্রিজে অবস্থিত রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে রাষ্ট্রপতির এনজিওগ্রাম করা হয়। ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টিফেন হোলির তত্ত্বাবধানে পরীক্ষার সময় হৃদযন্ত্রের একটি ধমনীতে উল্লেখযোগ্য ব্লক শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে এনজিওপ্লাস্টি করে একটি স্টেন্ট বসানো হয়।
রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল ডা. এ কে এম ফয়জুল হকের বরাত দিয়ে জানানো হয়, চিকিৎসা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে রাষ্ট্রপতির শারীরিক অবস্থা সন্তোষজনক রয়েছে।
এর আগে গত ৯ মে ফলো-আপ চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। চিকিৎসা শেষে আগামী ১৮ মে তার দেশে ফেরার কথা রয়েছে। একই সঙ্গে দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।



