মুইজ্জুর ব্যক্তিগত সম্পর্কের তথ্য ফাঁস করায় ২ সাংবাদিকের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে ঘিরে ব্যক্তিগত সম্পর্কের অভিযোগ নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রকাশের ঘটনায় দুই সাংবাদিককে কারাদণ্ড দিয়েছে আদালত। এ ঘটনায় আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনগুলো তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এবং সাংবাদিকদের মুক্তির দাবি তুলেছে।
মঙ্গলবার (১২ মে) রাজধানী মালেতে ফৌজদারি আদালত অনলাইন সংবাদমাধ্যম ‘আদাদু’র দুই সাংবাদিক মোহাম্মদ শাহজাহানকে ১৫ দিন এবং লিভান আলী নাসিরকে ১০ দিনের কারাদণ্ড দেন। আদালতের নির্দেশ অমান্য করে প্রেসিডেন্টকে নিয়ে বিতর্কিত প্রামাণ্যচিত্র প্রকাশের অভিযোগে তাদের এ সাজা দেওয়া হয়।
গত ২৮ মার্চ ‘আদাদু’র সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আয়শা’ শিরোনামে একটি প্রামাণ্যচিত্র প্রকাশিত হয়। এতে পরিচয় গোপন রাখা এক নারী প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের অভিযোগ তোলেন। তবে প্রেসিডেন্ট এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
প্রামাণ্যচিত্র প্রকাশের পর এপ্রিলে সংবাদমাধ্যমটির কার্যালয়ে অভিযান চালিয়ে পুলিশ ল্যাপটপ, হার্ডড্রাইভসহ বিভিন্ন ডিভাইস জব্দ করে। পরে সাংবাদিকদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু হয়।
সংবাদমাধ্যমটির দাবি, মামলার বিচার দ্রুত ও গোপনে সম্পন্ন করা হয়েছে এবং অভিযুক্তদের যথাযথ আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি।
এ ঘটনায় আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (IFJ) এবং কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (CPJ) নিন্দা জানিয়েছে। তাদের মতে, এটি সাংবাদিকতাকে অপরাধ হিসেবে দেখার একটি উদ্বেগজনক উদাহরণ।
অন্যদিকে মালদ্বীপ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি গণমাধ্যম দমন নয় বরং আইনগত প্রক্রিয়ার অংশ। তবে সাবেক প্রেসিডেন্টসহ বিভিন্ন রাজনৈতিক নেতা ও আইন বিশেষজ্ঞরা এই ঘটনাকে মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি হিসেবে দেখছেন।



