ইন্ডিয়াআন্তর্জাতিক

ভারতে ভয়াবহ ঝড়-বৃষ্টি ও বজ্রপাতে ৩৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে প্রবল ঝড়, ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) রাজ্য সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

রাজ্যের ভাদোহি, ফতেহপুর, বুদাউন, চন্দৌলি ও সোনভদ্র—এই পাঁচ জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে শুধু ভাদোহিতেই ১৬ জনের মৃত্যু হয়েছে।

ফতেহপুরে ৯ জন, বুদাউনে ৫ জন, চন্দৌলিতে ২ জন এবং সোনভদ্রে ১ জন মারা গেছেন। ঝড়ে ঘরবাড়ি ধসে পড়া, গাছ উপড়ে যাওয়া এবং বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ব্যাপক দুর্ভোগ তৈরি হয়েছে।

রাজ্য সরকার জানিয়েছে, দুর্যোগের পরপরই উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করা হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত সহায়তা ও ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যে ক্ষতিগ্রস্তদের কাছে ত্রাণ পৌঁছে দিতে হবে এবং কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। একই সঙ্গে ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণে জরিপ চালানোরও নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঝড়ে অনেক এলাকায় বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ে, এতে উদ্ধারকাজে কিছুটা সমস্যা হয়। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় মেরামত কাজ অব্যাহত রয়েছে।

সূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button