সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

বাংলা টিভি ডেস্ক: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে বিএসএফের গুলিতে মো. খাদেমুল (২৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) রাত ২টার দিকে বনচৌকি বিওপি সংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত খাদেমুল ওই উপজেলার উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ৯০৫/৬ এস-এর প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে কয়েকজন বাংলাদেশি চোরাকারবারি কাঁটাতারের কাছে গেলে ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে খাদেমুল মুখ, বুক ও মাথায় গুলিবিদ্ধ হন। পরে তিনি আহত অবস্থায় বাংলাদেশে ফিরে আসেন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুরের একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
হাতীবান্ধা থানার ওসি রমজান আলী বলেন, সীমান্তে গুলির খবর পাওয়ার পর খোঁজ নিয়ে জানা গেছে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর ওই যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।



