কক্সবাজারে বারবিকিউ খেয়ে অসুস্থ অর্ধশত পর্যটক, হাসপাতালে ৩৫

বাংলা টিভি ডেস্ক: কক্সবাজার পর্যটন জোনের একটি রেস্টুরেন্টে খাবার খেয়ে অন্তত অর্ধশত পর্যটক অসুস্থ হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ৩৫ জন পর্যটক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
অভিযোগের পর শনিবার বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান চালায়। অভিযানে কলাতলীর সুগন্ধা পয়েন্টে অবস্থিত আল-গণি রেস্টুরেন্ট–কে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত এবং ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নিরাপদ খাদ্য কর্মকর্তারা জানান, রেস্টুরেন্টটির রান্নাঘর ও খাবার তৈরির পরিবেশে স্বাস্থ্যবিধি মানার ঘাটতি পাওয়া গেছে।
জানা গেছে, রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষা সফরের একটি দল শুক্রবার রাতে সেখানে বারবিকিউসহ বিভিন্ন খাবার খায়। পরে একে একে অনেকে বমি, ডায়রিয়া ও পেটব্যথায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।
কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে কয়েকজনকে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হয় এবং পরে অবস্থার উন্নতি হলে ছাড়পত্র দেওয়া হয়েছে।
তবে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, তাদের খাবার নয়, সৈকত এলাকায় খাওয়া অন্য কোনো খাবারের কারণে পর্যটকরা অসুস্থ হয়েছেন।



