গ্রাম বাংলাদেশবাংলা

গাইবান্ধায় পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলায় মুরগীবাহী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিক্ষকসহ ৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টার দিকে উপজেলার ঠাকুরের দিঘি এলাকায় গাইবান্ধা-ধর্মপুর সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ছাতনাবাড়ি এলাকার পাতা মিয়ার ছেলে ইজিবাইক চালক ফরিদ মিয়া (৫০) ও খোলাহাটী ইউনিয়নের দক্ষিণ আনালেরতাড়ি গ্রামের মাসুদার রহমানের ছেলে রুস্তম আলী (৩০)। আহতদের চারজনই স্কুল শিক্ষক।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ মঙ্গলবার সকালে গাইবান্ধা থেকে দারিয়াপুরের দিকে যাচ্ছিল একটি ইজিবাইক। পথে ঠাকুরের দিঘি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মুরগীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ ছয়জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুস্তম আলীকে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইজিবাইক চালক ফরিদ মিয়া মারা যান। এছাড়া গুরুতর অবস্থায় আহত ৪ শিক্ষককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং অন্যজন গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ দুর্ঘটনায় নিহত আহতদের নাম-পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button