সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চাই : হাসনাত আবদুল্লাহ

বাংলা টিভি ডেস্ক: হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সরকার বিভিন্ন ধরনের সুবিধাভিত্তিক কার্ড চালু করলেও সাধারণ মানুষ এখনো ন্যায়বিচার থেকে বঞ্চিত। তাই জনগণের জন্য সবচেয়ে প্রয়োজন ‘জাস্টিস কার্ড’।
বুধবার রাতে নাঙ্গলকোটে আয়োজিত পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, দেশে এখনো বিচারহীনতা, দুর্নীতি ও দমন-পীড়নের সংস্কৃতি বহাল রয়েছে।
তিনি অভিযোগ করেন, মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হচ্ছে এবং গুম-হত্যার মতো ঘটনাও পুরোপুরি বন্ধ হয়নি। অনেক ভুক্তভোগী বিচার না পাওয়ার আশঙ্কায় আইনি সহায়তা নিতেও ভয় পান।
হাসনাত আরও বলেন, হাসপাতালগুলোতে আইসিইউ সংকট, ঘুষ ছাড়া চাকরি না পাওয়া এবং থানাগুলোতে দালাল চক্রের দৌরাত্ম্য সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে তুলেছে। ফলে নাগরিকরা ন্যায্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
তিনি দাবি করেন, সমাজে ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডও প্রশ্নের মুখে থাকবে। একসময় জনগণ ব্যালট কিংবা গণআন্দোলনের মাধ্যমে এর জবাব দেবে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন শিশির, তরিকুল ইসলাম, রিফাত রশিদ ও নাবিদ নওরোজ শাহসহ দলীয় নেতাকর্মীরা।



