বন্যা

বন্যার পানিতে ভেসে প্রাণ গেল তিন শিশুর

বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় টানা কয়েক দিনের ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং সমুদ্রের জোয়ারে সৃষ্ট বন্যার পানিতে ভেসে নিখোঁজ হওয়া তিন শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (১০ জুলাই) উপজেলার সরল ইউনিয়নের পশ্চিম জালিয়াঘাটা এলাকা থেকে ১২ বছর বয়সী তাহিন নুরের মরদেহ উদ্ধার করা হয়। সে সরল ইউনিয়নের বাসিন্দা আব্দুল করিমের মেয়ে। একই দিনে বাহারচড়া ইউনিয়নে পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ভেসে মারা যায় আশিক (৮) ও মো. মিরাজ (৬) নামে আরও দুই শিশু।

স্থানীয়দের ভাষ্য, কয়েক দিনের টানা বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়। এ সময় পাহাড়ি ঢল ও জোয়ারের পানির প্রবল স্রোতে তিন শিশু ভেসে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে তিন শিশুর মরদেহ উদ্ধার করেন।

বাঁশখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, পানির স্রোতে ভেসে যাওয়ার পর শিশুদের উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার শেষে মরদেহগুলো স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button