চারদিকে থৈ থৈ বন্যার পানি, কলাগাছের ভেলায় শেষ বিদায়!

বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বন্যার ভয়াবহতায় এক মর্মস্পর্শী ঘটনার সাক্ষী হয়েছে স্থানীয় মানুষ। চারপাশ পানিতে ডুবে যাওয়ায় স্বাভাবিকভাবে কবরস্থানে নেওয়ার সুযোগ না থাকায় এক ব্যক্তির মরদেহ কলাগাছ দিয়ে তৈরি অস্থায়ী ভেলায় বহন করে দাফন করতে হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সকালে কেঁওচিয়া ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ ফোরকান (ড্রাইভার) মারা যান। তবে তার মৃত্যুর পর পরিবারকে পড়তে হয় চরম দুর্ভোগে। বাড়ির আশপাশসহ পুরো এলাকা বন্যার পানিতে প্লাবিত থাকায় মরদেহ কবরস্থানে নেওয়ার কোনো যানবাহন বা স্বাভাবিক পথ ছিল না। এছাড়া কাছাকাছি কোথাও দাফনের উপযোগী শুকনো জমিও পাওয়া যায়নি।
পরে স্বজন ও স্থানীয়দের উদ্যোগে কয়েকটি কলাগাছ একত্রে বেঁধে একটি অস্থায়ী ভেলা তৈরি করা হয়। সেই ভেলার ওপর মরদেহ রেখে পানিপথে দূরের একটি কবরস্থানের উদ্দেশে যাত্রা করেন তারা। দীর্ঘ পথ অতিক্রম করার পর জানাজা শেষে সেখানে মরদেহ দাফন করা হয়।
শুক্রবার দুপুরে কলাগাছের ভেলায় মরদেহ বহনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুতই ব্যাপক আলোচনার জন্ম দেয়।
স্থানীয়দের ভাষ্য, চলমান বন্যায় কেঁওচিয়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। সড়ক, বসতবাড়ির আঙিনা এমনকি অনেক কবরস্থানও প্লাবিত হওয়ায় মানুষের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফোরকানের মরদেহ এভাবে বহনের ঘটনাটি বন্যাকবলিত মানুষের দুর্ভোগের এক বেদনাদায়ক চিত্র তুলে ধরেছে।
কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মহসিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বন্যার কারণে আশপাশে কোথাও দাফনের উপযোগী উঁচু বা শুকনো জায়গা না থাকায় স্থানীয়দের কলাগাছের ভেলা তৈরি করে অনেক দূরের একটি কবরস্থানে মরদেহ নিয়ে যেতে হয়েছে।



