ট্রাফিক পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, আটক ১

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে ট্রাফিক পুলিশের ভুয়া পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় সুমন গাজী নামের এক প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় সিএনজি চালকরা।
হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা সুমন গাজী কিছুদিন ধরে পালবাজার এলাকায় ট্রাফিক পুলিশের পরিচয় দিয়ে সিএনজি ও অটোরিকশা থামিয়ে চাঁদা আদায় করে আসছিলেন। ঘটনার দিন সন্দেহ হলে চালকরা তাকে হাতেনাতে ধরে ফেলেন। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই মোখলেছুর রহমান তাকে থানায় নিয়ে যান।
এসআই মোখলেছুর রহমান জানান, প্রাথমিক তদন্তে আটক ব্যক্তি মাদকাসক্ত বলে নিশ্চিত হওয়া গেছে এবং ডোপ টেস্ট শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আটক সুমন গাজী জিজ্ঞাসাবাদে জানান, তাকে এই চক্রে জড়ান ‘এনসিপি’ পরিচয়দানকারী নাহিদ হোসেন। হাতে ওয়াকিটকি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বড় কর্মকর্তা সেজে কালীবাড়ি মোড়ে ত্রাস সৃষ্টি করতেন নাহিদ। জনতা নাহিদ ও সুমন উভয়কে ধরে থানায় আনলেও পরবর্তীতে স্থানীয় রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে পুলিশ নাহিদকে ছেড়ে দেয়।
এ ঘটনায় এলাকায় সাময়িক স্বস্তি ফিরলেও ভুয়া পরিচয়ে প্রতারণাকারীদের বিরুদ্ধে চালক ও স্থানীয়রা আরও কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।



