গ্রাম বাংলাদেশবাংলা

মুন্সীগঞ্জে স্থানীয় সালিসকারীর মাথায় হাতুড়িপেটা, গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের বল্লালবাড়ী এলাকায় পারিবারিক বিরোধের জেরে আবুল কালাম বেপারী (৫৫) নামের স্থানীয় এক সালিসকারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত একজনকে ঢাকার মুগদা এলাকা থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

আহত আবুল কালাম বেপারী স্থানীয়ভাবে সালিসকারী বা মাদবর হিসেবে দায়িত্ব পালন করতেন। ঘটনার পর তাকে উদ্ধার করে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত সেলিম বেপারী (৪০) দীর্ঘদিন ধরে পারিবারিক কলহে জড়িত ছিলেন। প্রায় আট মাস আগে তার মেয়ে পরিবারের অজান্তে বিয়ে করে চলে যাওয়ার পর থেকে স্ত্রীকে দায়ী করে বিভিন্ন সময় নির্যাতন করতেন তিনি। বিষয়টি নিয়ে পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিকবার সালিস হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বারবার সালিসের ঘটনায় সালিসে অংশ নেওয়া ব্যক্তিদের প্রতি ক্ষুব্ধ ছিলেন সেলিম। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে তিনি তার চাচাতো ভাই ও সালিসকারী আবুল কালাম বেপারীর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন। এ ঘটনায় আহতের বোন সেলিনা বেগম মুন্সীগঞ্জ সদর থানায় হত্যাচেষ্টা মামলা করেন।

এ বিষয়ে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার মুগদা থানার জান্নাতবাগ এলাকা থেকে সেলিম বেপারীকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বনিক্যপাড়া ব্রিজের ঢাল এলাকা থেকে হত্যাচেষ্টায় ব্যবহৃত হাতুড়িটি উদ্ধার করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button