বাংলাদেশ

৩ ছাত্রকে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিলো মাদ্রাসাশিক্ষক

বাংলা টিভি ডেস্ক: দিনাজপুরের বিরামপুরে তিন শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আলী হাসান (২৫) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয় গ্রামবাসী তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার একটি হাফেজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় এক শিশুর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে ওই মামলায় আলী হাসানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর শুক্রবার আলী হাসানকে দিনাজপুর আদালতে হাজির করা হয়। সেখানে আদালতের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়নুল আবেদীনের কাছে তিন শিশুকে ধর্ষণের অভিযোগের বিষয়ে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, তিন শিশুকে ধর্ষণের বিষয়টি আদালতে স্বীকার করেছেন মাদ্রাসাশিক্ষক আলী হাসান। তাকে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে।

মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি ও উপজেলা বিএনপির এক নেতা জানান, ২০২০ সালে প্রতিষ্ঠানটি চালু হয়। স্থানীয় দানশীল ব্যক্তি ও পরিচালনা কমিটির সদস্যদের আর্থিক সহায়তায় মাদ্রাসাটি পরিচালিত হয়ে আসছে। শুরুতে একজন শিক্ষকই পাঠদান করতেন। প্রতিষ্ঠার দুই বছর পর ওই শিক্ষক চাকরি ছেড়ে চলে গেলে আলী হাসানকে নিয়োগ দেওয়া হয়।

তিনি বলেন, ‘মাদ্রাসার শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় প্রতিষ্ঠানটির ব্যাপক দুর্নাম হয়েছে।’

সংশ্লিষ্ট খবর

Back to top button