বাংলাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ২৮৮২

বাংলা টিভি ডেস্ক: কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত ক্যাম্পগুলোতে ২ হাজার ৮৮২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন রোহিঙ্গা।

সোমবার (৫ অক্টোবর) কক্সবাজারের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ৯ মাসে পুরো কক্সবাজার জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৩ জন। এর মধ্যে ২ হাজার ৮৮২ জনই বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। ক্যাম্পগুলোতে ডেঙ্গুতে মারা যাওয়া ১০ জনের মধ্যে ছয়জন শিশু। বাকি চারজনের মধ্যে নারী ও পুরুষ উভয়ই রয়েছেন এবং তারা বয়স্ক ছিলেন।

সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান বিভাগের হিসাবে, সর্বশেষ ২৪ ঘণ্টায় কক্সবাজারে নতুন করে ৩২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

এ সময়ে ডেঙ্গুসহ বিভিন্ন কারণে ২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ২৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

কক্সবাজারে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে রোগ প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button