বায়তুল মোকাররমের খতিবকে তওবা করতে বললেন আমির হামজা

বাংলা টিভি ডেস্ক: বায়তুল মোকাররমের খতিব আল্লামা মুফতি মো. আব্দুল মালেক ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীকে উদ্দেশ্য করে কড়া সমালোচনা করেছেন ইসলামি বক্তা ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।
তিনি বলেন, আমি জাতীয় মসজিদের খতিবকে নিয়ে কটূক্তি করে থাকলে দুঃখিত। কিন্তু উনি যে ফতোয়া দিয়েছেন তা আমাদের লাখ লাখ মানুষের কলিজায় রক্তক্ষরণ হয়েছে। আপনি দালালি করলে ওই জায়গা ছেড়ে দিয়ে করেন। খতিব উবায়দুল হককে নিয়ে কেউ কথা বলে না।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে নারায়ণগঞ্জের বন্দরে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে উপস্থিত থেকে তিনি এই সমালোচনা করেন। এদিন রাতে বন্দরের দক্ষিণ লক্ষণখোলার পৌরসভা ফুটবল খেলার মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়।
আমির হামজা বলেন, খতিব সাহেব ফতোয়া দিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যারা যায় তারা গুমরাহ। তাহলে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কি গুমরাহ ছিলেন? আপনার তওবা করা উচিত। জামায়াতে ইসলামীর পদ্ধতিতে ভুল থাকতে পারে। যারা মন থেকে জামায়াতে ইসলামী করে তাদের ইখলাসে কোনো ভুল নাই। তাহলে ফাঁসির দড়ি গলায় নিতো না।
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীকে উদ্দেশ্য করে আমির হামজা বলেন, অনকে মুরুব্বি ইদানীং খারাপ কথা বলেন। এত নিকৃষ্ট শব্দ উনার মুখ দিয়ে আসে, উনাকে মাইকের সামনে নিয়ে আসেন কেন? এরকম মুরুব্বি, যার কথা ঠিক নেই, মাথা ঠিক নেই, তাকে বাড়িতে বসিয়ে চিকিৎসা করেন। আল্লামা মামুনুল হককে চিনি। আমি ছোট মানুষ, আপনি মামুনুল হককে গালি দিয়েছেন। আমাকে বলেছেন, আমি যদি এটা না হই, তাহলে আপনি এটা।
আমির হামজা বলেন, যারা ওয়াজ মাহফিলে বাধা দেয় তারা কাফের। যারা বলেন আমির হামজা বিতর্কিত, তাকে আসতে দেওয়া যাবে না, আমাকে বিতর্কিত বানিয়েছেন আপনারা। আমি এমপি নমিনেশন পাওয়ার আগে আমার নামে কেউ খারাপ কথা লিখে নাই, এখন এসব কথা আসে কেন? যারা আমাদের ভুলের কথা বলে তাদের ভুলের শেষ নেই। যারা মাকে খাবার দেয় না, তারা আমাদের নিয়ে কথা বলে।
এর আগে নারায়ণগঞ্জের বন্দরে স্থানীয় আলেম ওলামারা আমির হামজার ওয়াজ মাহফিল নিয়ে আপত্তি করলে অসন্তোষের সৃষ্টি হয়। সবশেষ এই ঘটনায় ১৬ নভেম্বর দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে জানানো হয় আমির হামজা আসবেন।
বৈঠকে জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হাবিবুর রহমান, হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আবদুল আউয়াল, জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা মাঈনউদ্দিন আহমদ, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ।
বৈঠক শেষে নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা বলেন, ‘আমরা সবাই ১৭ বছর নির্যাতিত হয়েছি। আমরা সবাই এক জায়গায় এসেছি যে সুন্দর করে মাহফিল হবে। এই মাহফিলে আমির হামজা সাহেবের বক্তব্যে আলেম ওলামাদের নিয়ে যে মন্তব্য আছে, সেটা খোলাসা করে সবার মনের কষ্ট দূর করে দিবেন। আমরা আশা করি আমির হামজা সাহেবের বক্তব্যে সব আলেম ওলামারা খুশী হবেন। এটা ইসলামের বিজয় হয়েছে। এটা ইসলামের সৌন্দর্য।’


