রাজনীতিঅন্যান্য

নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর

বাংলা টিভি ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ বিতাড়িত আওয়ামী লীগের সঙ্গে অন্যান্য দলগুলোকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। এছাড়া নিষিদ্ধ আওয়ামী লীগ দেশ ও দেশের মানুষের কল্যাণে রাজনীতি করে বলে মন্তব্য করেছেন তিনি।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে ভোলা শহরের একটি রেষ্টুরেন্টে আয়োজিত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

চরমোনাই পীর বলেন, “আওয়ামী লীগ দেশ ও দেশের মানুষের কল্যাণে রাজনীতি করে। কিন্তু আজকে আওয়ামী লীগের আচরণের মাধ্যমে এটাতে দেশ-মানুষের কল্যাণের রাজনীতি বুঝা যাচ্ছে না। এসব জ্বালাও পোড়াও- দেশকে ধ্বংস করার একটি প্রক্রিয়া। আসুন আমরা সবাই বিএনপি,আওয়ামী লীগসহ যতো রাজনৈতিক দল আছে সবাই একসাথে বসি। আমরা এদেশে জন্মগ্রহণ করেছি, এদেশের ভালো মন্দের সাথে আমরা জড়িত। আমরা চাই এদেশটা সুন্দর দেশ হবে, সবাই একসাথে কাজ করব এবং সকল ব্যক্তি স্বার্থ পরিহার করব।”

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, “আপনারা এদেশের সন্তান। আমরা লক্ষ্য করছি আওয়ামী লীগের নামে দেশে যে ধরনের আচরণ করছেন- ভাঙচুর, জ্বালাও পোড়াও, মানুষ মারা, দেশের সম্পদকে নষ্ট করা ও থানাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এটি কোন ধরনের রাজনীতি?”

চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র জনতা একটি বৈষম্যহীন ও সোনালী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জীবন দিয়েছিল উল্লেখ করে চরমোনাই পীর বলেন, “সে আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি। দুঃখের সাথে বলতে হয় আমরা ভুল করেছি। যাদেরকে আমরা রাষ্ট্র পরিচালনার চেয়ারে বসালাম পুরোনোরাই নতুন ভাবে শাড়ি পরে চেয়ারে বসেছে।”

ক্ষমতাসীন বিএনপিকে উদ্দেশ্যে করে চরমোনাই পীর বলেন, “আপনারা ক্ষমতায় আসার আগে, গণভোটের রায় বাস্তবায়নসহ আপনাদের দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করুন।”

এছাড়া বিএনপি ক্ষমতায় আসার প্রায় এক বছর হতে চললেও গণভোটের রায় বাস্তবায়ন করছেন না বলেও অভিযোগ করেন। বিএনপির উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে তিনি বলেন,আপনারা কী করতে চান? জনগণের রায় বাস্তবায়ন না করে দেশ চালানো অসম্ভব।

ইসলামকে সামনে রেখে দেশ পরিচালনা করতে পারলে দেশ সুখী ও সমৃদ্ধ হবে জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, সবাই একসাথে হলে ইতিহাস বলছে- দেশের মধ্যে আল্লাহর রহমতে একটা স্বর্ণের যুগ তৈরি হবে। বর্তমান ও সাবেক সরকারগুলোর নীতি আদর্শ ব্যর্থ হয়েছে। এখন একটাই নীতি আদর্শ রয়েছে,সে নীতি আদর্শের নাম ইসলাম। ইসলামে একটি পীপিলিকার স্বাধীনতা নিশ্চয়তার গ্যারান্টি রয়েছে।

সম্মেলনে ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা মামুন বিন মাহমুদের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারী জেনারেল মাওলানা মুহাম্মদ আল আমীন।

অবশ্য এই বক্তব্যের ব্যাখা দিয়েছে তার দল। তারা বিবৃতিতে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) আওয়ামী লীগকে (কার্যক্রম নিষিদ্ধ) রাজনৈতিক কর্মকাণ্ডের স্বাভাবিক পরিসরে ফিরিয়ে আনার আহ্বান জানাননি। চরমোনাই পীরের সাম্প্রতিক একটি বক্তব্যের ব্যাখ্যা দিয়ে দলটি বলেছে, তাঁর বক্তব্যের একটি অংশ খণ্ডিতভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

শুক্রবার ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য কে এম শরীয়াতুল্লাহর পাঠানো এক বিবৃতিতে বলা হয়, চরমোনাই পীর আওয়ামী লীগের বর্তমান কর্মকাণ্ড, জ্বালাও-পোড়াও, সহিংসতা, অগ্নিসংযোগ ও প্রাণহানির তীব্র সমালোচনা করেছেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশ ও জনগণের যে ক্ষতি হচ্ছে, তা বন্ধ করার বিষয়ে তিনি সুস্পষ্ট অবস্থান জানিয়েছেন। একই সঙ্গে দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button