গ্রাম বাংলাদেশবাংলা

৫৬ হাজার টাকা দিয়ে শুরু, এখন কোটিপতির পথে ঢাবি ছাত্র

‎রিফাতুন্নবী রিফাত, গাইবান্ধা থেকে: ‎স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার। সেই স্বপ্ন পূরণে পাড়ি জমিয়েছিলেন রাজধানীতে। তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েই শুধু পড়াশোনা কিংবা ভবিষ্যতে চাকরি পাওয়ার চিন্তায় নিজেকে সীমাবদ্ধ রাখেননি। পড়াশোনার পাশাপাশি নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে শুরু করেন কৃষি উদ্যোগ। মাত্র ৫৬ হাজার টাকা দিয়ে কেনা একটি গাভী থেকে শুরু। সময়ের ব্যবধানে সেই উদ্যোগে এখন গরুর সংখ্যা ২০টির বেশি। গরুর খামারের পাশাপাশি করছেন মাছ চাষ, গড়ে তুলেছেন সুপারি বাগান, চাষ করছেন পশুখাদ্যের ঘাস। পরিকল্পনা রয়েছে দেশি মুরগি পালনেরও।
‎
‎বলছি গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের মধ্য রাঘবপুর গ্রামের তরুণ উদ্যোক্তা ইমরান নাজিরের কথা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি গ্রামের বাড়িতে গড়ে তুলেছেন ‘ওয়াহেদ মাল্টি এগ্রো’ নামে একটি বহুমুখী কৃষি খামার। তার এই উদ্যোগের গল্প এখন এলাকার তরুণদের কাছেও অনুপ্রেরণার।
‎
‎ছোটবেলা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখতেন ইমরান। পরিবারের বড় ছেলে হওয়ায় স্বপ্নের পাশাপাশি ছিল দায়িত্বের চাপও। বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির সময় পড়াশোনার খরচ জোগাতে বাবার পালিত গরু বিক্রি করতে হয়েছিল। তবে প্রতিকূল পরিস্থিতিতেও দমে যাননি তিনি। বরং নিজের ভবিষ্যৎ গড়তে নির্ভর করতে চেয়েছেন নিজের পরিশ্রম ও উদ্যোগের ওপর।
‎
‎২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হওয়ার পর থেকেই নিজের কিছু করার পরিকল্পনা করেন ইমরান। পড়াশোনার খরচ চালাতে শুরু করেন টিউশনি। সেখান থেকে পাওয়া অর্থের একটি অংশ জমাতে থাকেন। একসময় সেই জমানো ৫৬ হাজার টাকা দিয়ে কেনেন একটি গাভী। এরপর দাদার স্মৃতিকে ধারণ করে খামারের নাম রাখেন ‘ওয়াহেদ মাল্টি এগ্রো’। একটি গাভী দিয়েই শুরু হয় তার উদ্যোক্তা হয়ে ওঠার গল্প।

‎শুরুটা ছোট হলেও স্বপ্ন ছিল বড়। ধৈর্য, পরিশ্রম ও নিয়মিত পরিচর্যায় ধীরে ধীরে বাড়তে থাকে খামারের পরিধি। বর্তমানে সেখানে গরুর সংখ্যা ২০টিরও বেশি। খামারে রয়েছে রাঠি, শাহিওয়াল, ব্রাহামা ক্রস, হলস্টিন ক্রস, মিরকাদিম, দেশি ও রেড চিটাগাংসহ বিভিন্ন জাতের গরু।
‎
‎বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি খামারের প্রতিটি গরুর খাবার, পরিচর্যা ও দেখভালের বিষয়েও নিয়মিত খোঁজখবর রাখেন তিনি।
‎
‎ইমরানের উদ্যোগে খুশি তার পরিবারও। একসময় ছেলের পড়াশোনার খরচ জোগাতে নিজের পালিত গরু বিক্রি করতে হয়েছিল বাবা আব্দুল লতিফকে। আর আজ সেই ছেলেই নিজের চেষ্টায় গড়ে তুলেছেন গরুর খামার। সন্তানের এমন উদ্যোগে গর্বিত তিনি। তার প্রত্যাশা, ইমরানের এই প্রচেষ্টা একদিন আরও বড় পরিসরে ছড়িয়ে পড়বে এবং অন্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।
‎
‎শুধু গরুর খামারেই সীমাবদ্ধ নেই ইমরানের কৃষি উদ্যোগ। পশুখাদ্যের চাহিদা পূরণে চাষ করছেন দেশি-বিদেশি বিভিন্ন জাতের ঘাস। এতে একদিকে যেমন পশুখাদ্য কেনার খরচ কমছে, অন্যদিকে খামার পরিচালনায় তৈরি হচ্ছে স্বনির্ভরতার সুযোগ। পাশাপাশি রয়েছে সুপারি বাগান ও পুকুরে বিভিন্ন জাতের মাছ চাষ। দেশি মুরগি পালনের জন্য নির্মাণ করছেন আলাদা শেড। খামারের পরিবেশ সুন্দর রাখতে রোপণ করেছেন বিভিন্ন প্রজাতির গাছের চারা। সব মিলিয়ে একটি গাভী দিয়ে শুরু করা উদ্যোগকে ধীরে ধীরে বহুমুখী কৃষি প্রকল্পে রূপ দিচ্ছেন তিনি।
‎
‎অবশ্য শুরুতে ইমরানের এই উদ্যোগ নিয়ে কম সমালোচনা শুনতে হয়নি। অনেকেই তার পরিকল্পনাকে ভিন্ন চোখে দেখেছেন, কেউ কেউ নিরুৎসাহিতও করেছেন। তবে সেসব কথায় কান না দিয়ে নিজের লক্ষ্যে অবিচল থেকেছেন তিনি। সময়ের সঙ্গে পরিশ্রম ও সফলতার মধ্য দিয়ে সেই সমালোচনার জবাব দিয়েছেন। এখন তার এই উদ্যোগ দেখে এলাকার অনেক তরুণও কৃষি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন।
‎
‎গ্রামের বাড়িতে কৃষি উদ্যোগ পরিচালনার পাশাপাশি রাজধানী ঢাকায় অনলাইন কোচিং কার্যক্রমের সঙ্গেও যুক্ত রয়েছেন ইমরান। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা, অনলাইন শিক্ষা কার্যক্রম এবং গ্রামের বাড়ির খামার সবকিছুই সামলাচ্ছেন পরিকল্পনা ও পরিশ্রমের মাধ্যমে। ‎ইমরানের কাছে খামার কেবল অর্থ উপার্জনের মাধ্যম নয়, বরং নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন।
‎
‎ভবিষ্যতে খামারটি আরও বড় করার পাশাপাশি নতুন নতুন কৃষি উদ্যোগ যুক্ত করতে চান তিনি। একই সঙ্গে নিজের উদ্যোগে অন্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিরও প্রত্যাশা তার।
‎
‎একসময় যে তরুণের পড়াশোনার খরচ জোগাতে বাবাকে গরু বিক্রি করতে হয়েছিল, আজ সেই তরুণই একটি গাভী থেকে গড়ে তুলেছেন ২০টির বেশি গরুর খামার। ইমরান নাজিরের এই পথচলা প্রমাণ করে শিক্ষাজীবনেও সঠিক পরিকল্পনা, পরিশ্রম ও উদ্যোগ থাকলে নিজের কর্মসংস্থানের পাশাপাশি গড়ে তোলা সম্ভব অন্যের কর্মসংস্থানের সুযোগও।

সংশ্লিষ্ট খবর

Back to top button