স্পিকারের সম্মানে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সম্মানে বিশেষ নৈশভোজের আয়োজন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ। বুধবার (২৫ নভেম্বর) ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়। এতে সফররত বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।
এর আগে বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নেতৃত্বে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল পাকিস্তানের পার্লামেন্ট হাউস পরিদর্শন করেন। সেখানে পৌঁছালে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, সংসদ সদস্য এবং জাতীয় পরিষদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশি প্রতিনিধিদলকে আন্তরিকভাবে স্বাগত জানান।
পরিদর্শনের অংশ হিসেবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পাকিস্তানের পার্লামেন্ট ভবন প্রাঙ্গণে ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা বা হিমচাঁপা গাছের একটি চারা রোপণ করেন। এ সময় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকসহ বাংলাদেশি প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ শেষে বাংলাদেশ ও পাকিস্তানের উন্নয়ন, সমৃদ্ধি এবং স্থিতিশীলতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দুই ভ্রাতৃপ্রতিম দেশের পারস্পরিক বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার হওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
পরে বাংলাদেশের স্পিকার প্রতিনিধিদলের সদস্যদের নিয়ে পাকিস্তানের জাতীয় পরিষদের মূল অধিবেশন কক্ষ পরিদর্শন করেন। এ সময় সরদার আয়াজ সাদিক পাকিস্তানের সংসদীয় ঐতিহ্য, অধিবেশন কক্ষের ঐতিহাসিক গুরুত্ব এবং দেশটির আইন প্রণয়নের কার্যক্রম সম্পর্কে সফররত প্রতিনিধিদলকে বিস্তারিত তুলে ধরেন।



