রাজশাহীর কাছে ৬৩ জেলার শিক্ষা নেওয়ার আছে: আজহারী

বাংলা টিভি ডেস্ক: রাজশাহীর পরিচ্ছন্নতা, সবুজ প্রকৃতি ও গোছানো পরিবেশে মুগ্ধ হয়েছেন বিশিষ্ট ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। তাঁর মতে, পরিচ্ছন্ন নগরী হিসেবে রাজশাহী দেশের অন্যান্য জেলার জন্য অনুকরণীয় হতে পারে।
শনিবার রাতে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত এক বিশাল তাফসির মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
রাজশাহীবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়ে আজহারী বলেন, শহরটির পরিচ্ছন্নতা ও সৌন্দর্য তাঁকে মুগ্ধ করেছে। যাতায়াতের পথে শহরের পরিপাটি পরিবেশ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। দেশের বাকি ৬৩ জেলারও রাজশাহীর মতো পরিচ্ছন্ন হয়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এ সময় রাজশাহীর ঐতিহ্যের কথাও স্মরণ করেন এই ইসলামি বক্তা। ছোটবেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসার স্মৃতিচারণ করে তিনি দুই পাশের সারি সারি আমবাগানের কথা উল্লেখ করেন। পাশাপাশি কালাই রুটি ও রেশমশিল্পের জন্যও রাজশাহীর বিশেষ পরিচিতির কথা তুলে ধরেন।
ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ মাহফিলে সকাল থেকেই রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত হন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। এ ছাড়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান উপস্থিত ছিলেন। মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর জামায়াতের আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।



