জুমার নামাজে যাওয়ায় মুসলিম শিক্ষকদের হেনস্তা করল হিন্দুত্ববাদীরা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার বলরামপুর হাই স্কুলের সাতজন মুসলিম শিক্ষককে জুমার নামাজ আদায় করে বিদ্যালয়ে ফেরার পর হেনস্তা করার অভিযোগ উঠেছে। নির্ধারিত টিফিনের বিরতিতে কাছের একটি মসজিদে নামাজ পড়তে যাওয়ায় তাঁদের প্রকাশ্যে জবাবদিহির মুখে পড়তে হয় বলে অভিযোগ। এ ঘটনায় হিন্দু জাগরণ মঞ্চের নেতাকর্মীদের বিরুদ্ধে শিক্ষকদের ঘিরে ধরে অপমানজনক আচরণ করার অভিযোগ উঠেছে।
ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বলরামপুর হাই স্কুলে পরীক্ষা চলছিল। বিদ্যালয়ের নির্ধারিত টিফিনের বিরতি ছিল দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত। এই বিরতির মধ্যেই সাতজন শিক্ষক প্রায় এক কিলোমিটার দূরের একটি মসজিদে জুমার নামাজ আদায় করতে যান।
অভিযোগ অনুযায়ী, হিন্দু জাগরণ মঞ্চের প্রান্ত সহ-সংযোজক মিঠুন সাহার নেতৃত্বে সংগঠনটির কয়েকজন নেতাকর্মী ও স্থানীয় ব্যক্তি আগে থেকেই সেখানে অবস্থান করছিলেন। নামাজ শেষে শিক্ষকরা বিদ্যালয়ে ফিরে এলে তাঁদের ঘিরে ধরে বিভিন্ন প্রশ্ন করা হয়। একপর্যায়ে তাঁদের কাছে কৈফিয়ত চাওয়া হয় এবং অপমানজনক আচরণ করা হয় বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় শিক্ষক মকসেদুল হকসহ সংশ্লিষ্ট শিক্ষকরা দায়িত্বে অবহেলার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তাঁদের বক্তব্য, বিদ্যালয়ের নির্ধারিত বিরতির মধ্যেই তাঁরা নামাজ আদায় করেছেন। এতে পাঠদান কিংবা পরীক্ষার কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি। তাঁদের দাবি, পরীক্ষার প্রতিটি কক্ষে দুজন করে শিক্ষক দায়িত্ব পালন করছিলেন এবং প্রয়োজনীয় বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছিল।
এদিকে, ঘটনাটির কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ছবিতে একজন বয়োজ্যেষ্ঠ মুসলিম শিক্ষককে কয়েকজনের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবিটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
অনেকের প্রশ্ন, নির্ধারিত বিরতির মধ্যে ধর্মীয় প্রার্থনা করতে যাওয়ার কারণে শিক্ষকদের এভাবে প্রকাশ্যে জবাবদিহির মুখোমুখি হতে হবে কেন? বিষয়টি নিয়ে সংখ্যালঘুদের ধর্মীয় অধিকার ও কর্মক্ষেত্রে ব্যক্তিগত স্বাধীনতা নিয়েও উদ্বেগ প্রকাশ করছেন অনেকে।
ঘটনার পর হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে সংশ্লিষ্ট সাত শিক্ষক এবং বিদ্যালয়ের পরিদর্শকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন প্রশাসনকে অবহিত করা হবে।
ঘটনাটি ঘিরে এখন মূল আলোচনার বিষয় হয়ে উঠেছে, কর্মস্থলের নির্ধারিত বিরতিতে ধর্মীয় আচার পালনের অধিকার এবং সেই অধিকারকে কেন্দ্র করে কোনো সংগঠনের হস্তক্ষেপ কতটা গ্রহণযোগ্য। সংশ্লিষ্ট শিক্ষকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন সচেতন মহলের অনেকে।



