রাজনীতিঅন্যান্য

‘ফার্মের মুরগিরা’ রাস্তায় নেমেছিলেন বলেই এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী হতে পেরেছেন

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, চট্টগ্রামে বন্যাকবলিত অঞ্চলে এখনও সাহায্য পৌঁছায়নি। সেখানে বন্যায় কষ্ট করছে মানুষ আর মন্ত্রীরা ভ্রমণ করছেন বিদেশে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে জুলাই পদযাত্রা উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অনুষ্ঠিত পথসভায় এ কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, সরকার পার্বত্য চট্টগ্রাম থেকে ৯০ হাজার কোটি টাকা রাজস্ব পেলেও বন্যার সংকটে জনপ্রতি মাত্র ৩০ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

অত্যন্ত পরিতাপের বিষয় হলো বন্যা পরিস্থিতির ৭ দিনের বেশি সময় পেড়িয়ে গেলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণ সাহায্য সহযোগিতা পৌঁছায়নি। আমরা দেখতে পাচ্ছি মানুষ বন্যার মধ্যে কষ্ট করছে। আর অন্য দিকে প্রধানমন্ত্রী বরিশাল সফরে গেছেন। আমরা আমাদের জায়গা থেকে হাসিনা ব্যবস্থার পরিবর্তন চেয়েছিলাম কেবল হাসিনার পরিবর্তন চাইনি।

স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন, সংবিধান সংস্কার কমিটি এটা নাকি সংবিধানে নেই। এটা যদি সংবিধানে না থেকে থাকে তাহলে ২০২৬ সালের নির্বাচনও সংবিধানে নেই। সংবিধান অনুযায়ী আপনার থাকার কথা ছিল সিলংয়ে। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর থাকার কথা ছিল লন্ডনে।

শিক্ষামন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের ফার্মের মুরগি বলায় ক্ষোভ প্রকাশ করে এনসিপির এই নেতা বলেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী এবং তারেক রহমান সরকার গঠন করতে পেরেছে। তবে বিএনপি সরকার প্রতিটি ক্ষেত্রে প্রতিশ্রুতি থেকে সরে গেছে। জনগণ আন্দোলনে নামলে সরকারের পায়ের নিচে মাটি থাকবে না।

এদিন পথসভায় উপস্থিত ছিলেন- এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, যুবশক্তির কেন্দ্রীয় নেতা তুহিন মাহমুদ, মোস্তফা খন্দকার, শাকিল সাইফুল্লাহ প্রমুখ।

সংশ্লিষ্ট খবর

Back to top button