
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত অযাচিত হস্তক্ষেপ করলে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো—যাকে ‘সেভেন সিস্টার্স’ বলা হয়—এক থাকবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে আবু হানিফ দাবি করেন, ভারতের পশ্চিমবঙ্গের কয়েকজন নেতা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি পশ্চিমবঙ্গের পরিবহণমন্ত্রী হিসেবে অর্জুন সিং এবং মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ করে তাদের বক্তব্য ও হুমকির সমালোচনা করেন।
তিনি বলেন, ‘৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে ভারত বিষয়টি মেনে নিতে পারছে না এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এসব বক্তব্য রাজনৈতিক ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ। বাংলাদেশ এখন আর আগের অবস্থানে নেই; ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ বাইরের হস্তক্ষেপ ও আধিপত্যের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।’
স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রসঙ্গ টেনে গণঅধিকার পরিষদের এই মুখপাত্র বলেন, ১৯৭১ সালে লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে হুমকি দেওয়ার অধিকার কারও নেই।
পোস্টের শেষাংশে তিনি বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে পারস্পরিক সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে। অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বা আগ্রাসনের হুমকি এ দেশের মানুষ মেনে নেবে না। সেভেন সিস্টার্সের ভূরাজনৈতিক গুরুত্ব ও অতীতের বিভিন্ন আন্দোলনের ইতিহাস ভারতের রাজনীতিবিদদের অজানা নয়। বাংলাদেশে অযাচিত হস্তক্ষেপ করলে সেভেন সিস্টার্স এক থাকবে না।’
তবে বাংলাদেশ কোনো দেশের ভূখণ্ডে হস্তক্ষেপ করতে চায় না উল্লেখ করে তিনি আরও বলেন, নিজের সার্বভৌমত্ব রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না এবং ভয় দেখিয়ে বাংলাদেশকে নিয়ন্ত্রণের দিন শেষ হয়ে গেছে।



