বাংলাদেশ

যাত্রী সংকটে পিঙ্ক বাস, আড়াই মাসে লোকসান ২৮ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঢাকাসহ তিন শহরে চালু করা হয়েছিল বিআরটিসির বিশেষায়িত পিঙ্ক বাস সার্ভিস। তবে উদ্বোধনের প্রায় তিন মাস পেরিয়ে গেলেও প্রত্যাশিত সাড়া মেলেনি। গত আড়াই মাসে ১৪টি বাস পরিচালনায় লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৮ লাখ টাকা।

শুক্রবার (২৭ নভেম্বর) যাত্রীসংকটের নিয়মিত লোকসান গুনতে হচ্ছে বলে সরকারি পরিবহন সংস্থাটি জানায়।

গত ১৮ আগস্ট রাজধানীতে ১০টিসহ তিন শহরে মোট ১৪টি পিঙ্ক বাস চালু করা হয়। নির্দিষ্ট কিছু স্টপেজ থেকে সকালে যাত্রী নিয়ে বাসগুলো চলাচল শুরু করে এবং বিকেলে ফিরতি যাত্রা করে। কিন্তু দিনের বড় একটি অংশ এসব বাসকে ডিপোতে অবস্থান করতে হচ্ছে।

সম্প্রতি কর্মদিবসে মতিঝিল থেকে আব্দুল্লাহপুরগামী একটি বাসে যাত্রা শুরুর প্রথম আধঘণ্টায় যাত্রী পাওয়া যায় মাত্র চার থেকে পাঁচজন। এ চিত্রই বিশেষ এই পরিবহন সেবার যাত্রীসংকটের বিষয়টি সামনে এনেছে।

বিআরটিসির হিসাব অনুযায়ী, টিকিট বিক্রির আয় থেকে জ্বালানি, টোল, কর্মীদের বেতন ও অন্যান্য পরিচালন ব্যয় বাদ দিয়ে আড়াই মাসে লোকসান হয়েছে ২৭ লাখ ৮৭ হাজার টাকার বেশি। প্রতিদিন আয় হচ্ছে প্রায় ৫০ থেকে ৫১ হাজার টাকা। বিপরীতে ব্যয় ছাড়িয়ে যাচ্ছে এক লাখ টাকা।

বিআরটিসির চেয়ারম্যান মীর আহমেরদ তারিকুল ওমর জানান, দিনের নির্দিষ্ট সময় ছাড়া নারী যাত্রী পাওয়া কঠিন হয়ে পড়ছে। ফলে অধিকাংশ বাস পরিচালনায় ভর্তুকি দিতে হচ্ছে। সারাদিন বিভিন্ন এলাকায় বাস চলাচলের ব্যবস্থা করা গেলে যাত্রী ও আয় দুটোই বাড়তে পারে বলে মনে করেন তিনি।

পিঙ্ক বাসের প্রচারণার ঘাটতির কথাও স্বীকার করেছেন বিআরটিসি চেয়ারম্যান। আগামী মার্চে নারী যাত্রীদের জন্য আরও ৫০টি আধুনিক বৈদ্যুতিক বাস বহরে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। একই সময়ে সাধারণ যাত্রীদের জন্যও আরও ৫০টি বাস আনার কথা রয়েছে।

তবে যোগাযোগ বিশেষজ্ঞ কাজী সাইমুন নেওয়াজ মনে করেন, আলাদা বাস চালুর পরিবর্তে সামগ্রিক গণপরিবহনে নারীদের নিরাপত্তা ও যাতায়াতের পরিবেশ উন্নত করা জরুরি। এতে সব শ্রেণির যাত্রী উপকৃত হওয়ার পাশাপাশি পরিবহন পরিচালনায় আয় বাড়ানোর সুযোগ তৈরি হবে।

এদিকে লোকসান কমাতে নারী যাত্রীদের পাশাপাশি পুরুষ সহযাত্রী পরিবহনের বিষয়টিও বিবেচনা করছে বিআরটিসি কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট খবর

Back to top button