পর্নোগ্রাফি প্রতিষ্ঠানের জন্য এপস্টেইনের কাছে বিনিয়োগ চেয়েছিলেন কামী ক্লার্ক

আন্তর্জাতিক ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের সিইও দারিও আমোদেইয়ের স্ত্রী ও নেপথ্য উপদেষ্টা কামী ক্লার্ক একসময় দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের কাছ থেকে বিনিয়োগ নেওয়ার চেষ্টা করেছিলেন বলে জানা গেছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদন এবং সম্প্রতি প্রকাশিত এপস্টেইন-সংক্রান্ত ইমেইল থেকে এ তথ্য উঠে এসেছে।
২০০৮ সালে নাবালিকা যৌন নিপীড়ন ও পতিতাবৃত্তিতে প্ররোচনার দায়ে দোষী সাব্যস্ত হন এপস্টেইন। এর কয়েক বছর পর, ২০১১ সালের মার্চে সাহিত্য প্রতিনিধি জন ব্রকম্যানের মাধ্যমে কামী ক্লার্কের সঙ্গে তার পরিচয় হয়। পরে ব্রকম্যানের পরামর্শে এপস্টেইনের সঙ্গে নৈশভোজেও অংশ নেন কামী।
সাক্ষাতের সময় কামী নারীদের জন্য একটি ব্যতিক্রমী পর্নোগ্রাফি প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা নিয়ে এপস্টেইনের সঙ্গে আলোচনা করেন। প্রকল্পটির প্রথম চারটি চলচ্চিত্রের চিত্রনাট্যও তাকে পাঠান এবং সেখানে বিনিয়োগের অনুরোধ জানান।
তবে কামীর প্রস্তাবে আগ্রহ দেখাননি এপস্টেইন। ইমেইলে তিনি জানান, এমন ব্যবসার সঙ্গে নিজেকে যুক্ত করতে চান না। পরবর্তী সময়ে ওই প্রকল্পে এপস্টেইন অর্থ বিনিয়োগ করেছিলেন—এমন কোনো প্রমাণও পাওয়া যায়নি।
কে এই কামী ক্লার্ক?
কামী ক্লার্ক আনুষ্ঠানিকভাবে অ্যানথ্রোপিকের কর্মী নন। তবে প্রতিষ্ঠানটির সিইও দারিও আমোদেইয়ের ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ কৌশলগত উপদেষ্টা হিসেবে তিনি পরিচিত। আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্মেলনেও আমোদেইয়ের সঙ্গে তাকে দেখা যায়।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দাভোস সম্মেলন, সান ভ্যালির অ্যালেন অ্যান্ড কোম্পানির সম্মেলন এবং নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘এআই ইমপ্যাক্ট সামিট’-এও তিনি আমোদেইয়ের সঙ্গে অংশ নিয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রের নেভাদায় জন্ম নেওয়া কামী ক্লার্ক ২০১৪ সালের দিকে গুগলের সাবেক প্রধান নির্বাহী এরিক শ্মিটের সঙ্গে সম্পর্কে ছিলেন। পরে ২০২২ সালে দারিও আমোদেইকে বিয়ে করেন।
এআই খাতে প্রভাবশালী সম্পর্ক
দারিও আমোদেই ২০১৬ সালে ওপেনএআইয়ে যোগ দেওয়ার সময় কামী তার কৌশলগত উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন। ২০১৮ সালে কামীর মাধ্যমে আমোদেইয়ের সঙ্গে এরিক শ্মিটের বৈঠক হয়। পরবর্তী সময়ে এই যোগাযোগ এআই খাতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
২০২০ সালের শেষ দিকে ওপেনএআই ছেড়ে অ্যানথ্রোপিক প্রতিষ্ঠা করেন আমোদেই। এরপর এরিক শ্মিট অ্যানথ্রোপিকের অন্যতম গুরুত্বপূর্ণ বিনিয়োগকারী হয়ে ওঠেন। ২০২১ সালের মে মাসে প্রতিষ্ঠানটির ১২ কোটি ৪০ লাখ ডলারের সিরিজ-এ অর্থায়নেও শ্মিট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।



