মন্দিরে যাওয়ার পথে ট্রাক চাপায় প্রাণ গেল ১২ জনের, দুই পুলিশসহ আহত অনেকে

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। এর আগে শনিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, চিননোর দিক থেকে আসা ধানবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে পুণ্যার্থীদের ওপর উঠে যায়। পরে ট্রাকটি মন্দিরের বাইরের দেয়াল ও ফটকে ধাক্কা দেয়। ওই সময় বহু মানুষ শীতলা মাতা মন্দিরের উদ্দেশে সড়ক দিয়ে যাচ্ছিলেন।
গোয়ালিয়রের জ্যেষ্ঠ পুলিশ সুপার ধর্মবীর সিং জানান, দুর্ঘটনাটি ঘটে রাত আনুমানিক দেড়টার দিকে। সংশ্লিষ্ট সড়কটিতে খাড়া ঢাল থাকায় ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। তা সত্ত্বেও ট্রাকটি ওই পথে প্রবেশ করে ব্যারিকেড ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে নিচের দিকে নেমে আসে। এতে সড়কে থাকা পুণ্যার্থীরা ট্রাকটির নিচে চাপা পড়েন।
তিনি আরও জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে দায়িত্ব পালনরত দুই পুলিশ সদস্যও রয়েছেন। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর আহত ও ক্ষতিগ্রস্ত মোট ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। আহতদের পাঁচ থেকে ছয়জনের অবস্থা গুরুতর। তাঁদের শরীরের বিভিন্ন স্থানে হাড় ভেঙে গেছে। অন্যরা তুলনামূলকভাবে কম আহত হয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন।
গোয়ালিয়রের জেলা প্রশাসক রুচিকা চৌহান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধারকাজের জন্য অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় যানবাহন ঘটনাস্থলে পাঠানো হয়। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়।
সূত্র: এনডিটিভি।



