‘মার্কিন সেনাকে হত্যা-আটক করলে ৩০ হাজার ডলার, নারীরা করতে পারলে ৬০ হাজার’

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের কোনো সেনাকে হত্যা বা আটক করে ইরানি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে পারলে ৩০ হাজার ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। আর এই কাজ কোনো ইরানি নারী করতে পারলে পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করে ৬০ হাজার ডলার দেওয়ার কথা জানানো হয়েছে।
বার্তাসংস্থা ইরনা রোববার (১৬ আগস্ট) এক প্রতিবেদনে জানায়, ইরানের সেনাপ্রধান আমির হাতামি বলেছেন, বেশ কয়েকজন ব্যক্তি মার্কিন সেনাদের হত্যা করে অর্থ পাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তাদের এমন আগ্রহের পরিপ্রেক্ষিতেই এই পুরস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে।
আমির হাতামির বক্তব্য অনুযায়ী, কোনো ব্যক্তি হামলা চালাতে আসা মার্কিন সেনাকে হত্যা বা আটক করে ইরানি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে পারলে ৩০ হাজার ডলার বা ৫ বিলিয়ন তোমান পুরস্কার দেওয়া হবে। কোনো ইরানি নারী একই কাজ করতে পারলে তাকে দেওয়া হবে দ্বিগুণ অর্থ।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। তবে যুক্তরাষ্ট্র তখন ইরানের ভেতরে সরাসরি কোনো সেনা মোতায়েন করেনি। এর আগে এপ্রিলে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর পাইলটসহ আরেক ক্রুকে উদ্ধারে মার্কিন একটি বিশেষ বাহিনী ইরানে প্রবেশ করেছিল। অভিযান শেষে তারা সেখান থেকে ফিরে যায়।
সূত্র: এএফপি



