সীমান্তে ৬ কোটি টাকার অবৈধ জাল ও গাঁজা জব্দ

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ কারেন্ট জাল, চায়না জাল ও গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামাল ও মাদকদ্রব্যের মোট আনুমানিক সিজার মূল্য ৫ কোটি ৭৪ লাখ ৩২ হাজার ৫০০ টাকা।
মঙ্গলবার (১৮ আগস্ট) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৬ আগস্ট রাত ১০টার দিকে কুষ্টিয়া দৌলতপুর সিমান্তের চিলমারি ইউনিয়নের চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পদ্মা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বিজিবির একটি টহল দল দেশীয় নৌকা ও স্পিডবোটযোগে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ কারেন্ট জাল ও চায়না জাল জব্দ করে।
পরবর্তীতে কুষ্টিয়ার মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা জাল পরিমাপ করা হলে ভারতীয় কারেন্ট জাল ৫ হাজার ৫০ কেজি এবং চায়না জাল ৪ হাজার ৮৪৫ কেজি পাওয়া যায়। জব্দ করা জালগুলোর আনুমানিক সিজার মূল্য ৫ কোটি ৭৩ লাখ ৮০ হাজার টাকা। পরে বিধি অনুযায়ী জালগুলো ব্যাটালিয়ন সদরে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এদিকে, মঙ্গলবার রাত ১টা ৫০ মিনিটের দিকে মেহেরপুরের গাংনী সিমান্তের রংমহল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে বিজিবি। সীমান্ত পিলার ১৩৭/২-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রংমহল এলাকায় মালিকবিহীন অবস্থায় এসব গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক সিজার মূল্য ৫২ হাজার ৫০০ টাকা।
এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানিয়েছে, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধ এবং অবৈধভাবে মৎস্য আহরণ প্রতিহত করতে তাদের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।



