প্রেমিকার মৃত্যুর খবর শুনে না ফেরার দেশে তানভীর

বাংলা টিভি ডেস্ক: ফরিদপুরের চরভদ্রাসনে প্রেমিকার মৃত্যুর খবর পেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে তানভীর হোসেন (১৯) নামে এক যুবকের বিষপানে মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় ফরিদপুর শহরের কমলাপুর চানমারী এলাকায় বোনের বাসায় এ ঘটনা ঘটে।
নিহত তানভীর উপজেলার মফিজদ্দিন খালাসীর ডাঙ্গী গ্রামের মৃত মো. আশরাফ হোসেনের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে প্রেমিকার মৃত্যুর খবর পেয়ে তানভীর তার বোন তানজিলা আক্তারের বাসায় আসেন। সেখানে কিছুক্ষণ থাকার পর তিনি বাসার বাইরে গিয়ে বিষপান করেন। পরে বাসায় ফিরে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বড় ভাই মো. সাইফুর রহমান ও মা ছালেহা বেগম কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মাহমুদুল হাসান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



