Uncategorized

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা

বাংলা টিভি ডেস্ক: ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতা ইনামুল মোল্লার (২৬) বিরুদ্ধে। অভিযোগের পর মঙ্গলবার (১৮ আগস্ট) তাকে প্রাথমিকভাবে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলে জানিয়েছে দলটি।

বোয়ালমারী পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

ইনামুল মোল্লা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি কুশডাঙ্গা গ্রামের মো. আকরাম মোল্যার ছেলে। পাশাপাশি বোয়ালমারী বাজারের মোল্লা ডাক্তার কে হালিম হাসপাতালে অভ্যর্থনাকারী হিসেবে কাজ করেন।

দলীয় ও স্থানীয় সূত্রের দাবি, কুশডাঙ্গা গ্রামের কুটিপাড়ার এক নারীর সঙ্গে ইনামুলের দীর্ঘদিন ধরে ব্যক্তিগত সম্পর্ক ছিল। ওই নারীর স্বামী বিদেশে থাকেন। সম্প্রতি বিষয়টি উভয় পরিবারের সদস্যসহ স্থানীয়দের মধ্যে জানাজানি হলে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ইনামুল মোল্লার দুটি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও দুটিই বন্ধ পাওয়া যায়। তার পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

ইনামুলের কর্মস্থল মোল্লা ডাক্তার কে হালিম হাসপাতালের ম্যানেজার রেজাউল করিম জানান, কয়েক দিন আগে ওই নারীর স্বামী বিদেশ থেকে তাকে ফোন করে স্ত্রীর সঙ্গে ইনামুলের সম্পর্কের অভিযোগের কথা জানান। বিষয়টি নিয়ে কী পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে তার কাছে জানতে চাওয়া হয়েছিল।

বোয়ালমারী পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী বলেন, অভিযোগের ভিত্তিতে ইনামুল মোল্লাকে আপাতত দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে তাকে দল ও দলীয় সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

তিনি আরও বলেন, কোনো ব্যক্তির অনৈতিক বা অসদাচরণের দায় দল নেবে না।

সংশ্লিষ্ট খবর

Back to top button