‘পেনশন নিয়ে বাড়ি ফেরা হবে না’— পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতা

বাংলা টিভি ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে এক পুলিশ কর্মকর্তাকে উদ্দেশ্য করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার ফেসবুক পোস্ট ঘিরে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। পোস্টে ওই পুলিশ কর্মকর্তাকে উদ্দেশ্য করে ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ বলে মন্তব্য করেছেন মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আতাউস সামাদ বাবু।
শুক্রবার (১৬ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে বাবু দাবি করেন, তাঁকে গ্রেপ্তারের উদ্দেশ্যে মাধবপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন তাঁর বাড়িতে গিয়েছিলেন। তবে সে সময় তিনি বাড়িতে ছিলেন না। একই পোস্টে ছাত্রলীগ নেতা সিরাজের গ্রেপ্তারের বিষয়টিও উল্লেখ করেন তিনি।
ফেসবুক পোস্টে আতাউস সামাদ বাবু লেখেন, ‘দেলোয়ার সাহেবদের নাম-ঠিকানা আমরা রাখছি, কারণ তারাও পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবে না, ইনশাআল্লাহ।’ তাঁর এ বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা তৈরি হয়েছে।
তবে বাবুর অভিযোগ অস্বীকার করেছেন এএসআই দেলোয়ার হোসেন। তাঁর দাবি, তাঁকে নিয়ে ফেসবুকে ভিত্তিহীন বক্তব্য দেওয়া হয়েছে। তিনি জানান, মাদকের একটি মামলার তদন্তের কাজে বাবুর গ্রামের পাশের এলাকায় গিয়েছিলেন। ওই ঘটনাকে কেন্দ্র করেই তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করা হয়েছে।
দেলোয়ার হোসেন আরও বলেন, সরকারি দায়িত্ব পালন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার বাইরে ব্যক্তিগতভাবে তাঁদের কিছু করার সুযোগ নেই।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন। খোঁজখবর নিয়ে বিষয়টি দেখবেন।
জানা গেছে, এএসআই দেলোয়ার হোসেন মাধবপুর থানার অধীন কাশিমনগর পুলিশ ফাঁড়িতে কর্মরত। ওয়ারেন্ট তামিলে ভালো কাজের স্বীকৃতি হিসেবে তিনি হবিগঞ্জের পুলিশ সুপারের কাছ থেকে পুরস্কার পেয়েছেন বলেও জানা গেছে।
অন্যদিকে, আতাউস সামাদ বাবু মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ছিলেন। এর আগে তিনি চৌমুহনী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবেও তাঁর নাম আলোচনায় এসেছিল।
তবে ফেসবুক পোস্টে করা বক্তব্য ও পুলিশ কর্মকর্তার পাল্টা দাবি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিষয়টি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।



