‘বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না’

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তৈরি ‘অপারেশন সিন্দুর’ নামের একটি তথ্যচিত্রের সমালোচনা করে পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, বলিউডের সিনেমাটিক উপস্থাপনার মাধ্যমে যুদ্ধক্ষেত্রের বাস্তবতা বদলে দেওয়া বা সামরিক পরাজয় আড়াল করা সম্ভব নয়।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) অভিযোগ করেছে, ভারত সামরিক ব্যর্থতা স্বীকার না করে নাটকীয় উপস্থাপনার মাধ্যমে ইতিহাসকে নিজেদের মতো করে তুলে ধরার চেষ্টা করছে।
আইএসপিআরের দাবি, তথ্যচিত্রটিতে ভুল তথ্য ও অতিরঞ্জিত ঘটনা ব্যবহার করে ভারতকে একতরফাভাবে বিজয়ী হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে। পাকিস্তানি সেনাবাহিনী এ ধরনের উপস্থাপনাকে বাস্তবতাবিবর্জিত ও হাস্যকর বলে মন্তব্য করেছে। একই সঙ্গে ভিডিওটিকে ‘ট্র্যাজেডি ও কমেডি’র সংমিশ্রণ বলেও উল্লেখ করা হয়েছে।
পাকিস্তানের সামরিক বাহিনী আরও দাবি করেছে, ‘মারকা-ই-হক’ এবং তাদের পাল্টা সামরিক অভিযান ‘অপারেশন বুনিয়ানুম মারসুস’-এর নথি, আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন এবং ভারতের বিভিন্ন স্বীকারোক্তি থেকেই প্রকৃত ঘটনা সম্পর্কে ধারণা পাওয়া যায়। তাদের ভাষ্য অনুযায়ী, ভারতের একাধিক সামরিক বিমান ভূপাতিত হওয়া এবং ২৬টি সামরিক স্থাপনায় হামলার বিষয় কোনো সিনেমাটিক প্রচারণার মাধ্যমে আড়াল করা সম্ভব নয়।
আইএসপিআর বলেছে, প্রচার বা সিনেমাটিক উপস্থাপনার মাধ্যমে যুদ্ধের বাস্তব ঘটনাকে পাল্টে দেওয়া যায় না। ভবিষ্যতে এ ধরনের কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হলে পাকিস্তান তার কঠোর জবাব দেবে বলেও সতর্ক করেছে দেশটির সেনাবাহিনী।
সূত্র: জিও টিভি



