রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন—‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’

বাংলা টিভি ডেস্ক: ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর প্রকাশ্যে আসার পর তাকে অভিনন্দন জানিয়েছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. ইয়াসির আদ-দোসারি।
বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রবার্তো কার্লোসের অতীত ও বর্তমানের ছবি প্রকাশ করে তাকে স্বাগত জানান শায়খ ইয়াসির আদ-দোসারি। পোস্টে তিনি লেখেন, ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম।’
সাবেক এই ব্রাজিলিয়ান তারকার জন্য দোয়া করে তিনি আরও লেখেন, ‘হে আল্লাহ! তাকে আপনার দ্বীনের ওপর অটল রাখুন, তার অন্তরে হেদায়েত দান করুন, তার ইসলাম গ্রহণে বরকত দিন এবং তাকে দৃঢ় ও হেদায়েতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন।’
রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবরটি প্রথম সামনে আসে মঙ্গলবার। তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির গাজিয়ানতেপের সংসদ সদস্য আলি শাহিন সামাজিক যোগাযোগমাধ্যমে এ দাবি করেন।
আলি শাহিন জানান, সম্প্রতি ব্রাজিল সফরের সময় দেশটির মুসলিম সম্প্রদায়ের কয়েকজন প্রতিনিধির সঙ্গে তার সাক্ষাৎ হয়। সেখানেই ব্রাজিলের ইসলামী ব্যক্তিত্ব শায়খ জিহাদ হাম্মাদের কাছ থেকে রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের কথা জানতে পারেন তিনি। পরে সাবেক এই ফুটবলারকে অভিনন্দনও জানান শাহিন।
তার দাবি অনুযায়ী, রবার্তো কার্লোসের সঙ্গে শায়খ জিহাদ হাম্মাদের দীর্ঘদিনের যোগাযোগ ছিল। প্রায় চার সপ্তাহ আগে সাও পাওলোতে তাদের সাক্ষাৎ হয়। ওই সময় রবার্তো কার্লোস শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেন বলেও দাবি করা হয়েছে।
তবে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি রবার্তো কার্লোস নিজে। আন্তর্জাতিক ফুটবল সংবাদমাধ্যম গোল ডটকমও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এবং জানিয়েছে, তার ইসলাম গ্রহণের খবর এখনো তার পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।
ফলে রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও তার নিজের পক্ষ থেকে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ না আসা পর্যন্ত বিষয়টি দাবির পর্যায়েই রয়েছে।



