নেপালে ৬৭৫ জনের লাশ উদ্ধার, অব্যাহত উদ্ধার অভিযান

আন্তর্জাতিক ডেস্ক: নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যায় ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। প্রবল পানির স্রোতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানিও বেড়েছে। রোববার (৩০ আগস্ট) দুর্যোগের পঞ্চম দিনেও দুর্গম এলাকাগুলোতে নিখোঁজদের সন্ধানে জোরালোভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত অন্তত ৬৭৫ জনের মৃত্যু হয়েছে। এখনো ২ হাজার ৪০০-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে ১৮ হাজার ৭০০-এর বেশি উদ্ধারকর্মী বিভিন্ন এলাকায় কাজ করছেন।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ও স্থানীয় কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, একটি হিমবাহ ধসে পড়ার ফলেই আকস্মিকভাবে বিপুল পানির স্রোত নেমে এসে এই ভয়াবহ বন্যার সৃষ্টি হতে পারে।
এদিকে নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, এখন পর্যন্ত ২৬১ জন বিদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে। তবে আরও ৩২০ জন বিদেশি নাগরিকের কোনো সন্ধান পাওয়া যায়নি।
উদ্ধার হওয়া বিদেশিদের মধ্যে ভারতের ১৬৭ জন, চীনের ৪০ জন, ইউক্রেনের ৮ জন, জার্মানির ৪ জন, মাল্টার ৪ জন, যুক্তরাষ্ট্রের ৩ জন, ইতালি ও রাশিয়ার ২ জন করে এবং স্পেন, সুইজারল্যান্ড ও তুরস্কের ২ জন করে নাগরিক রয়েছেন। এছাড়া বেলজিয়াম, বুলগেরিয়া, ওমান ও পর্তুগালের একজন করে নাগরিক উদ্ধার হয়েছেন। পরিচয় নিশ্চিত হয়নি বা অন্যান্য দেশের আরও ২১ জনকেও উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, তিব্বতে বন্যায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। সেখানে আরও ৫৫৪ জন নিখোঁজ রয়েছেন।
দুর্যোগের কারণে সীমান্তবর্তী দুর্গম অঞ্চলগুলোতে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা বেশ কঠিন হয়ে পড়েছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিখোঁজদের খুঁজে বের করতে উদ্ধারকারী দলগুলো সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।



